প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে সরকারের পক্ষ থেকে দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৮ম সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৪ হাজার ৫৩২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ১০০ শয্যার একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, তবে পরবর্তী সময়ে এতে বিশেষায়িত হৃদরোগ ও কিডনি চিকিৎসা সুবিধা, অতিরিক্ত শয্যা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়।
তিনি জানান, সরকার ২০১৯ সালে প্রকল্পটি গ্রহণ করলেও ২০২৩-২৪ সালের দিকে এর বাস্তবায়ন কার্যক্রম গতি পায়।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং এ রোগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে। ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতাল বছরে প্রায় ৪০ হাজার রোগীকে সেবা দিতে সক্ষম। ফলে রোগীদের হাসপাতালের শয্যা ও চিকিৎসা পেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
তিনি আরও বলেন, সম্প্রসারিত চিকিৎসাসুবিধা চালু হলে বিদ্যমান হাসপাতালগুলোর ওপর চাপ কমবে এবং ঢাকার বাইরে থাকা মানুষও নিজ নিজ অঞ্চলে বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি উল্লেখ করেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিয়েছে।
সাকি বলেন, ‘দামি চিকিৎসা সরঞ্জাম স্থাপনের আগে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য দক্ষ জনবলের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অন্যথায় এসব সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকতে পারে এবং মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবে।’
তিনি জানান, প্রধানমন্ত্রী প্রকল্পের শুরুতেই প্রয়োজনীয় জনবলের অনুমোদন নিশ্চিত করা এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের একটি সংশোধিত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পের ব্যয় ২ হাজার ১০৩ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাকি বলেন, সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি লিভার প্রতিস্থাপন ইউনিট স্থাপন করা হবে।
তিনি বলেন, ‘আমাদের সাতজন চিকিৎসক ইতোমধ্যে পাঁচটি দেশে লিভার প্রতিস্থাপনের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশি অংশীদারদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ বিদেশি সার্জনরা অস্ত্রোপচার করবেন এবং আমাদের প্রশিক্ষিত চিকিৎসকরা তাঁদের সহযোগিতা করবেন। পরবর্তী সময়ে আমাদের চিকিৎসকরাই এ অস্ত্রোপচার পরিচালনা করবেন।’
তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় লিভার প্রতিস্থাপনের সুযোগ তৈরি করতে পারবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতালের কার্যক্রম সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, চিকিৎসা শিক্ষার জন্য হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণ অপরিহার্য।
দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে স্বাস্থ্যশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ খাতে বিনিয়োগকেও সরকার অগ্রাধিকার দেবে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন