০৬:০৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে এই আবেদন করা হয়েছিল।
বিচারপতি শিকদার মাহমুদ রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৯ নভেম্বর) এই আদেশ প্রদান করেন।
আদেশের পর হান্নান মাসুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, “আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘তথ্যগত প্রশ্ন’ হওয়ায় রিটের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন। এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু রিট আবেদনকারী সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।”
আরও পড়ুন: তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড
হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য ও নির্বাচনী অনিয়মের অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই সংসদ সচিবের দপ্তরে আবেদন করেন হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন। এই আবেদনের সাড়া না দেওয়ায় নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন নাজমুল। রিটের বিবাদী হিসেবে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, রাষ্ট্রপতির সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক)’র চেয়ারম্যান, নোয়াখালীর জেলা প্রশাসক ও আবদুল হান্নান মাসউদসহ ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৮ জুন গ্লোবাল অনলাইন টিভির একটি টকশোতে উপস্থাপক নাজনীন মুন্নির প্রশ্নের জবাবে হান্নান মাসউদ নিজেই তার দাখিল করা হলফনামার তথ্য সঠিক ছিল না স্বীকার করেছেন। তিনি নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম নিয়েও কথা বলেছেন। একজন সংসদ সদস্যের মধ্যে যদি স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা না থাকে, তাহলে তিনি ওই পদে থাকতে পারেন না। এই কারণে সংসদ সচিবের দপ্তরে দেওয়া আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়ার পাশাপাশি অবিলম্বে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা চাওয়া হয় রিটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন