০৫:১৮ পি.এম
প্রাথমিক স্তরের (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় যেকোনো ধরনের পরীক্ষা নিষিদ্ধ করার এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত বাণিজ্যিক প্রকাশনীর বই নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
এই রিটটি সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন কর্তৃক দাখিল করা হয়।
রিটের বিবাদী হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: স্বামীকে শিলপাটা দিয়ে থেঁতলে হত্যার পর পালালেন রত্না: পিবিআই
আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী, প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তির অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের ফলে প্রাথমিক স্তরে শিশুদের জন্য প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এটি মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এখতিয়ারবহির্ভূত বলে রিটে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরো বলা হয়েছে যে, এই ধরনের ভর্তি পরীক্ষা শিশুদের মধ্যে ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করছে। এর ফলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রিটে অভিযোগ করা হয়েছে যে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান লঙ্ঘন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এনসিটিবির অনুমোদিত বইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর সহায়ক বই ও গাইড পড়তে শিশুদের বাধ্য করছে। প্রকাশনীগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগসাজশে শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের বোঝা চাপানো হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি চিন্তাশক্তির বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
এছাড়া রিটে ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতিতে শিশুদের জন্য এক বছরের সরকার অনুমোদিত প্রাক্-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। তবে এর বাইরে দেশে বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ নামে একাধিক স্তরের কোর্স চালু রয়েছে। এসব অননুমোদিত কোর্সের মাধ্যমে শিশুদের শিক্ষা কার্যক্রমকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় পারিবারিক বিরোধে স্বামীকে হত্যা, স্ত্রীর আদালতে স্বীকারোক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন