০৬:০৬ পি.এম
কিশোরগঞ্জ জেলা কারাগারে (১) বন্দি অবস্থায় এক আওয়ামী লীগ নেতা, রঞ্জিত কুমার ঘোষ (৫০), মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এদিকে, গতকাল রবিবার স্থানীয় আদালত তার জামিন মঞ্জুর করেন। আজ তার মুক্তি পাওয়ার কথা ছিল।
রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই মাসের অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। আজ সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, ফলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগারের (১) জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য (সৈয়দ নজরুল ইসলাম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’
রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তার মামার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার রঞ্জিত কুমারের জামিন মঞ্জুর করেন আদালত। আজ সোমবার কারামুক্ত হওয়ার কথা ছিল। অথচ তিনি সবাইকে মুক্তি দিয়ে গেলেন।
আরও পড়ুন: চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন