০৩:২৬ এম
গাইবান্ধার ফুলছড়িতে জেলা সদর হাসপাতালে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ও বালাসীঘাটের মাঝামাঝি নদীতে এই ঘটনা ঘটে। নবজাতক দুটির পিতা মনোয়ার হোসেন, যিনি জিগাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্বজন ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ভোরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জেলা শহরের হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তাকে মাচায় শুইয়ে কাঁধে করে দীর্ঘ বালুময় পথ অতিক্রম করেন স্বজনেরা। সকাল ৮টার দিকে তারা জিগাবাড়ী ঘাটে পৌঁছান।
আরও পড়ুন: রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ এমপি মনিরুলের
সেখান থেকে একটি নৌকায় করে বালাসীঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে ওই প্রসূতির প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় উপস্থিত নারী যাত্রী ও স্বজনেরা কাপড় দিয়ে চারপাশ ঢেকে দেন। পরে নৌকাতেই নিরাপদে প্রথমে ছেলে এবং পরে মেয়েসন্তানের জন্ম দেন ওই নারী।
প্রসূতির স্বামী মনোয়ার হোসেন বলেন, ‘আমার স্ত্রী ও দুই সন্তান বর্তমানে সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।’
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ জানান, চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া বেশ কঠিন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
উল্লেখ্য, তিন দিন আগে জেলা শহরের হাসপাতালে নেয়ার পথে ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় আরেক নারী কন্যাসন্তানের জন্ম দেন।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইমামদের সঠিক তথ্য প্রচারের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন