প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের সময় হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু ঘটে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে।
তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের তবিবুর রহমান তবি খানের সন্তান ছিলেন। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, গত পাঁচ বছর ধরে তৌফিক বাংলাবাজার এলাকায় থেকে কারখানায় কাজ করছিলেন। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলনের সময় হামলার ঘটনাটি মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তিনি। হামলাকারীরা তখন তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এর ফলে গুরুতর আহত হন তৌফিক। পরে সহকর্মী শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, "একজন শ্রমিক মারা গেছেন বলে শুনেছি। একটি কারখানা বন্ধ করার জন্য বহিরাগত লোকজন চাপ দেয়। কর্তৃপক্ষ কারখানা বন্ধ করতে রাজি না হলে বহিরাগতদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।" তিনি আরও বলেন, ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন