০৫:২০ পি.এম
বরিশালে কৃষকদের মাঝে ডাল ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে নগরীর খামারবাড়ির চত্বরে মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ পরিচালক মোসাম্মৎ মরিয়ম।
প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, "আপনাদের প্রতি বর্তমান সরকারের দেয়া কৃষক কার্ডের গুরুত্ব সবচেয়ে বেশি। ইতোমধ্যেই অনেকে কৃষক কার্ড পেয়েছেন। কেউ সামনে পাবেন।" তিনি আরও উল্লেখ করেন, "চাষে উদ্বুদ্ধ করণের জন্য যেসব প্রণোদনার ব্যবস্থা রয়েছে, তা প্রাপ্তির মাধ্যমে আপনারা ফসলের উৎপাদন বাড়াবেন এটাই সরকার আশা করছে।" উপ পরিচালক বলেন, "কৃষিবিষয়ক যেকোনো পরামর্শের জন্য আমরা পাশে আছি। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কৃষি অনেক দূর এগিয়ে যাবে ইনশা-আল্লাহ্।"
সারের প্রসঙ্গ তুলে ধরে উপ পরিচালক জানান, বরিশালে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুদ আছে। তিনি বলেন, "তাই প্রয়োজনীয় সার কিনে আপনাদের জমিতে ব্যবহার করতে পারবেন।" তিনি আরও বলেন, "বাজার থেকে কেনা রাসায়নিক সারের প্রকৃত মূল্য অনেক বেশি হলেও বাকি অর্থ সরকার ভর্তুকি দেয়।"
আরও পড়ুন: রংপুরে আকভান-এর প্রভাবে আমন কাটায় কৃষকদের দুশ্চিন্তা
বরিশাল সদরের নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) চপল কৃষ্ণ নাথ, মেট্রোপলিটন কৃষি অফিসার সানজিদা আহমেদ শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা সানজিদা আহমেদ শাওন বলেন, "এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ শ’ কৃষকের মধ্যে ৫ কেজি করে মুগ ডালের বীজ এবং ৫০ জনকে ৮ কেজি হারে খেসারি ডালের বীজ দেয়া হবে।" তিনি আরও জানান, "উভয় ফসল চাষে তারা পাবেন ১০ কেজি করে ডিএপি আর ৫ কেজি হারে এমওপি সার। এসব উপকরণ ১ বিঘা জমির জন্য বিনামূল্যে বিতরণ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন