০৫:২৩ পি.এম
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেন্দ্রস্থল চৌরাস্তায় আন্দোলনরত শ্রমিকদের সাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং লাঠিপেটার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার ফলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুরের দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক মিছিল নিয়ে শ্রীপুর চৌরাস্তায় জড়ো হন।
আরও পড়ুন: বিএসভিইআর-এর নতুন কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর
একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ পৌর শহরের বিভিন্ন দোকানে হামলা চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পরিণত হয়। একপর্যায়ে লাঠিপেটার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে আন্দোলনরত শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যান। সংঘর্ষের কারণে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনি তখন মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।
আরও পড়ুন: ইরান আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন