০৫:২০ পি.এম
নাইজেরিয়ার তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন তাঁর ফুটবল ক্যারিয়ারের এজেন্ট নিয়োগ ও চুক্তি সম্পর্কিত পারিবারিক জটিলতার কথা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, একসময় তাঁর বোন ও দুলাভাই তাঁকে প্রতারণার মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন। দুলাভাইকে ফুটবল এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর, কিছু ভয়েস নোট ও টেক্সট বার্তা দেখে ওসিমেনের মধ্যে সন্দেহ তৈরি হয়।
‘দ্য ওবি ওয়ান পডকাস্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে গালাতাসারাই ও নাইজেরিয়া জাতীয় দলের ফরোয়ার্ড জানান, তাঁর বোন চেয়েছিলেন যে তাঁর স্বামীকে ওসিমেনের ফুটবল এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হোক। তবে প্রথমে তিনি এই প্রস্তাবে রাজি হননি।
পরিস্থিতি বদলে যায় যখন তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। ওসিমেন জানান, সে সময় তিনি দুলাভাইকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আগের এজেন্টদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি নিজের ক্যারিয়ারের চুক্তি ও আলোচনার দায়িত্ব দুলাভাইয়ের হাতে তুলে দেন।
আরও পড়ুন: আর্জেন্টিনায় ফুটবল অনুশীলনে বজ্রপাত, প্রাণ গেল ৩৪ বছর বয়সী খেলোয়াড়ের
ওসিমেন বলেন, ‘আমার বোন ও দুলাভাই আমাকে প্রতারণা করার চেষ্টা করেছিলেন। বোন চেয়েছিলেন তাঁর স্বামী আমার এজেন্ট হোক, কিন্তু আমি রাজি হইনি। পরে বাবা অসুস্থ হয়ে পড়লে আমি আমার আগের এজেন্টদের বাদ দিয়ে তাঁকে নিয়োগ দিই।’
স্ট্রাইকারটির ভাষ্য অনুযায়ী, তিনি একটি ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার দায়িত্ব দুলাভাইকে দিয়েছিলেন। এ জন্য নির্ধারিত কমিশন নেওয়ার অনুমতিও ছিল তাঁর। কিন্তু পরে দুলাভাইয়ের কিছু ভয়েস নোট ও টেক্সট বার্তা দেখে তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়।
ওসিমেন বলেন, ‘আমি তাঁকে একটি ক্লাবের চুক্তি নিয়ে আলোচনা করতে বলেছিলাম এবং নিজের অংশের কমিশন নেওয়ার অনুমতিও দিয়েছিলাম। কিন্তু তাঁর ভয়েস নোট ও বার্তাগুলো দেখার পর বিষয়টি নিয়ে আমার সন্দেহ হয়।’
পডকাস্টে ওসিমেন তাঁর ক্যারিয়ারের বাইরের নানা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ সদস্যকে পেশাগত দায়িত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁকে বিশ্বাস ও ক্যারিয়ার-সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে নতুন করে সতর্ক করেছে।
আরও পড়ুন: প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন