০৪:৪৭ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে শীতকালীন সবজির জমিতে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। এর ফলে চার ইউনিয়নের দুই শতাধিক কৃষক বিপাকে পড়েছেন, যাঁরা টমেটো, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করেন। কীটনাশক প্রয়োগ ও নতুন চারা রোপণ করেও তারা প্রতিকার না পেয়ে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।
প্রতি বছরের মতো এবারও লাভের আশায় শীতকালীন সবজি চাষ করেছেন ভৈরবের কৃষকরা। উপজেলার শ্রীনগর, গজারিয়া, শিমুলকান্দি ও কালিকাপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন জমিতে রোগের আক্রমণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা যায়, জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় বিঘাপ্রতি কৃষকরা ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ করেছেন। কিন্তু গাছে ফুল ও ফল আসার সময় বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। আলুর গাছের গোড়া পচে যাচ্ছে। অন্যদিকে, টমেটো, মরিচ, ঢেঁড়স ও বেগুনের পাতা কুঁকড়ে ও ঢলে পড়ছে। একপর্যায়ে গাছ শুকিয়ে মারা যাচ্ছে, ফলে ফলন নষ্ট হচ্ছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলাপাড়ায় তরমুজ চাষাবাদে ক্ষতির আশঙ্কা
ভুক্তভোগী কৃষক হেলেনা বেগম জানান, তিনি ধারদেনা ও কিস্তির টাকা নিয়ে তেভাগা ও বর্গায় ১০ বিঘা জমিতে মরিচ, টমেটো ও আলু চাষ করেছেন। কিন্তু গাছে রোগ দেখা দেয়ার পর কৃষি অফিসের পরামর্শে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও সুফল পাননি। এতে তাঁর মতো অনেক কৃষকই লোকসানের আশঙ্কায় পড়েছেন।
ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, একই জমিতে বারবার একই ধরনের ফসল চাষের কারণে এ ধরনের রোগের প্রকোপ দেখা দিতে পারে।
এ কারণে তিনি একই জমিতে একই সবজি বারবার চাষ না করার পরামর্শ দেন। রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে জমির মাটি শোধনের ওপরও গুরুত্ব দেন এই কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি বছর ভৈরবে ৪৪০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। তবে রোগের আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসল রক্ষায় কৃষি বিভাগের কার্যকর সহযোগিতা কামনা করছেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন