০৪:০৭ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে আগাম তরমুজের চাষাবাদে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিনভর গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হয়েছে। এর ফলে জমিতে পানি জমে গিয়ে হাজার হাজার তরমুজের চারা নষ্ট হয়ে গেছে। আগাম তরমুজ চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে কিছু সবজি খেতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে আমন ধানের খেতে এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃষ্টির কারণে পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় উপকূলে কিছুটা শীত অনুভূত হচ্ছে।
চরচান্দুপাড়া গ্রামের কৃষক ফেরদৌস তালুকদার এবারের মৌসুমে ২৪ বিঘা জমি এক লাখ ২০ হাজার টাকায় বর্গা নিয়ে আগাম তরমুজ চাষ করছেন। চারা তৈরি, জমি চাষ ও শ্রমিকের মজুরিসহ এ পর্যন্ত তাঁর প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। জমিতে চারা রোপণের কাজ চলাকালীন বৃষ্টির কারণে তিনি বিপাকে পড়েছেন। জমিতে পানি জমে কাদায় লেপটে গেছে হাজার হাজার চারা। রোপণ করা খেতের প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ
ফেরদৌস তালুকদার বলেন, “গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচও বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।” মৌসুমের শুরুতেই বৃষ্টির ধকল সামলাতে হচ্ছে তাঁদের।
একই গ্রামের অন্যান্য তরমুজচাষিরা, যেমন কামাল হাওলাদার, বা”চু খলিফা, মো. কলিফ, তুহিন তালুকদার ও সিপন মোল্লাও একই পরিণতিতে পড়েছেন। তাঁরা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন এবং পলিথিন দিয়ে চারা রক্ষার চেষ্টা করছেন। তাঁদের আশঙ্কা, বৃষ্টি থামার পর রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যেতে পারে।
লতাচাপলী গ্রামের কৃষক মহিন জানিয়েছেন, জমিতে পানি জমে তরমুজের চারা নষ্ট হয়েছে। রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যাবে।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানিয়েছেন, বৃষ্টিতে আমন ধানের খেতের কোনো ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাদহ কলার হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার বেচাকেনা
ঘূর্ণিঝড় প্র¯‘ত কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানিয়েছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন