০৪:৪৯ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা সম্পর্কিত ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চেয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
হুমায়ুন কবির ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় ১৯ নভেম্বর আইসিজের দেওয়া রায়ের উল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় থাইল্যান্ডের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
থাইল্যান্ডের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের আয়োজন করা প্রয়োজন।
রাষ্ট্রদূত চিরাসাওয়াদি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহতের দাবি অসত্য-ফজলুর রহমানের তথ্য ভুল প্রমাণিত
প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহায়তার প্রশংসা করেন। এ সময় তিনি যেসব বাংলাদেশি রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয়, তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করতে থাই সরকারের প্রতি অনুরোধ জানান।
থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ সুবিধা প্রয়োজন, তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করা হবে।
এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য হুমায়ুন কবির থাইল্যান্ডকে ধন্যবাদ জানান।
থাইল্যান্ডের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: ভূ-রাজনীতি ও অভ্যন্তরীণ অর্থনীতি: রাষ্ট্র ও সমাজের বাস্তবতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন