০৬:১৯ পি.এম
চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্রের প্রণয়নে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করে দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, একই সঙ্গে এই বিষয়ের ভুল প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এই কথা জানান।
এছাড়া, বৈরী আবহাওয়ার কারণে দেশে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেয়ারও ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’ তিনি আরো জানান, এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংসদে দেয়া বিবৃতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে মন্ত্রী আরও জানান, সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও নানা অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এসব শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে, মন্ত্রী জানান, যাঁরা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ের অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হয়ে থাকে। এজন্য বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হয়েছে বলে মন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন