০১:০৪ পি.এম
‘বীক্ষণ’ হচ্ছে একটি পাঠচক্রের নাম। প্রতি শুক্রবার ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে কাচরিঘাট এলাকায় অনুষ্ঠিত হয় আসরটি।
শুক্রবার (২৭ নভেম্বর) পাঠচক্রের ২,২২৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। ৪৩ বছর পূর্ণ করেছে বীক্ষণ, এবং এই সময়ে একটিও শুক্রবার বন্ধ হয়নি আসরটি। ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদ আয়োজন করে এই পাঠচক্রটি।
সংগঠনের সূত্রে জানা যায়, ১৯৮০ সালের ২১ মে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ সাহিত্য সংসদ। প্রতিষ্ঠার তিন বছর পর ১৯৮৩ সালের ৮ সেপ্টেম্বর পাঠচক্রটি শুরু হয়।
আরও পড়ুন: কবি নূরুল হককে সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা প্রদান
জেলার কবি-লেখকরা মনে করেন, টানা ৪৩ বছর ধরে একটি পাঠচক্র চলা একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। দীর্ঘ সময় ধরে চলার পথে নানা প্রতিকূলতা এসেছে, কিন্তু একদিনের জন্যও বন্ধ হয়নি বীক্ষণ।
ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মোস্তফা তারেক মন্তব্য করেন, "কোনো বিরতি ছাড়াই ৪৩ বছরের বেশি সময় ধরে একটি সাহিত্য পাঠের আসর চলা একটি অনন্য রেকর্ড। আমাদের পূর্বসূরিদের হাত ধরে শুরু হয়েছিল এর যাত্রা। আমরা এখনও সেটি ধরে রেখেছি। এটি আমাদের জন্য গৌরবের বিষয়।"
মোস্তফা তারেক আরও বলেন, বাংলাদেশের খ্যাতনামা কবি-লেখকরা বিভিন্ন সময় বীক্ষণে এসেছেন। বর্তমানে এই সময়ের খ্যাতনামা লেখকরাও এখানে আসেন, কারণ পাঠচক্রটি মূলত জ্ঞানচর্চার পারস্পারিক বিনিময়।
ময়মনসিংহে বসবাসকারী কবি শামসুল ফয়েজ জানান, ১৯৮৩ সালের ৮ সেপ্টেম্বর বীক্ষণের প্রথম আসরের স্মৃতি এখনও মনে আছে। সেদিন বিকেলে বৃষ্টি ছিল এবং ময়মনসিংহ প্রেসক্লাবের টিনের ঘরে বসেছিল বীক্ষণ। প্রথম আসরে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) লেখক গোলাম সামদানী কোরায়শী, অধ্যাপক যতীন সরকার এবং ওই সময়ের তরুণ কথাসাহিত্যিক আতা সরকার।
আরও পড়ুন: প্রগাঢ় মায়ার কবি আবুল হাসানের মৃত্যুবার্ষিকী আজ
শামসুল ফয়েজ আরও বলেন, শুরুর দিন আমরা ভাবিনি যে, বীক্ষণ এত দীর্ঘ সময় ধরে চলবে। তবে, এটি ৪৩ বছর পূর্ণ করেছে এবং আশা করি এটি অন্ততকাল ধরে চলবে।
ময়মনসিংহে বসবাসরত কবি-লেখকরা ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী কবি-লেখকরাও বীক্ষণে যুক্ত হন।
সংগঠনের সদস্যরা জানান, বীক্ষণ মুক্তবুদ্ধি চর্চার একটি প্ল্যাটফর্ম। সাহিত্য ছাড়াও সমসাময়িক ঘটনাবলী, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, পর্যটন, প্রত্নতত্ত্ব, বৈশ্বিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কবি-লেখক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।
সূত্র জানায়, ১৯৯৩ সালে বীক্ষণের ৫০০তম আসরটি ছিল একটি স্মরণীয় আয়োজন। ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। ২০০৩ সালে বিশেষ আয়োজন করা হয় হাজারতম আসরের জন্য।
আরও পড়ুন: বাংলার সুলতানদের ইতিহাস মুছে ফেলার কারণ ও বাংলাদেশের জন্মভিত্তি
গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে বীক্ষণের ২,২২৯তম আসর। এ আসরের বিষয় ছিল ‘তিতুমীরের বাঁশেরকেল্লা এবং আমাদের আজাদির সিলসিলা’।
ময়মনসিংহের কবি-লেখকরা জানান, গর্ব করার মতো এই পাঠচক্রে তিন বছর ধরে বিভক্তি দেখা দিয়েছে। এর ফলে পৃথক দুটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে পাঠচক্র। সংগঠনের কমিটি নিয়ে বিভক্তির শুরু সম্পর্কে তারা জানান।
আসরে বারবার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা ছড়াকার ও নাগরিক নেতা আলী ইউসুফ বলেন, "বীক্ষণ আমাদের গর্বের বিষয়। গুটি কয়েক ব্যক্তির কারণে আজ এটি বিভক্ত। যদি এই বিভক্তি না থাকতো, তবে আমরা বীক্ষণ নিয়ে আরও বেশি গর্ববোধ করতাম।"
আরও পড়ুন: আজ বুকারজয়ী ঔপন্যাসিক অরুন্ধতী রায়ের জন্মদিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন