ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গঙ্গার পানির হিস্যা: বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ চুক্তির গুরুত্ব


গঙ্গার পানির হিস্যা: বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ চুক্তির গুরুত্ব

ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট, ফারাক্কা বাঁধের দীর্ঘমেয়াদি প্রভাব এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যৎ চুক্তির রূপরেখা নিয়ে ‘আমার দেশ পাঠকমেলা, জবি’র উদ্যোগে একটি বিশ্লেষণধর্মী পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

পাঠচক্রটি সুশৃঙ্খলভাবে দুটি মূল পর্বে বিভক্ত করে পরিচালনা করা হয়। এতে সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়ভিত্তিক গঠনমূলক আলোচনায় মেতে ওঠেন।

আলোচনার প্রথম পর্বে ‘ফারাক্কা বাঁধ-পরবর্তী গঙ্গা চুক্তি, এর জটিল সমীকরণ এবং বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। অংশগ্রহণকারী বক্তারা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর নাব্য হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি ও জীববৈচিত্র্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির বিভিন্ন ধারা ও বাস্তবায়নের জটিলতা বিশ্লেষণ করে বক্তারা উল্লেখ করেন, শুকনো মৌসুমে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যাপ্রাপ্তিতে নানা কারিগরি ও কূটনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সামগ্রিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: ডিম পাড়ে পাহাড়: প্রকৃতির এক বিস্ময়কর রহস্য

আলোচনার দ্বিতীয় পর্বে ‘সব প্রেক্ষাপট ও ভূরাজনৈতিক গ্রাউন্ড বিবেচনায় দেশের স্বার্থে পরবর্তী চুক্তির শর্তাবলি কেমন হওয়া উচিত’, সে বিষয়ে গভীর মতবিনিময় করা হয়।

বক্তারা অভিমত ব্যক্ত করেন, ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক সমীকরণকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ চুক্তিতে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা, শুকনো মৌসুমে ন্যূনতম পানি প্রবাহের আইনি গ্যারান্টি রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এছাড়া শুধু দ্বিপক্ষীয় আলোচনার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরাম ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতামত পর্বের মধ্য দিয়ে পাঠচক্রটি শেষ হয়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও গবেষণাধর্মী পাঠচক্র তরুণ প্রজন্মকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। ভবিষ্যতেও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত এমন আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুন: আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন পালিত হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিংয়ের দিন মিনেসোটায় বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


থ্যাংকসগিভিংয়ের দিন মিনেসোটায় বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ওয়াতোনায় থ্যাংকসগিভিংয়ের দিন (থ্যাংকসগিভিং ডে) একটি ভয়াবহ বিস্ফোরণের ফলে একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে এই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের বাড়িগুলোর জানালা ভেঙে যায় এবং দেয়াল ও ছাদে ফাটল দেখা দেয়। বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে বাড়ির মালিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মিনেসোটা অঙ্গরাজ্যের অগ্নিনিরাপত্তা বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। দমকলকর্মীরা আশপাশের বাড়িগুলোও পরীক্ষা করছেন। ধ্বংসস্তূপ সরানোর কার্যক্রম চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের স্থানটি এখনো জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ, তাই এলাকাটি এড়িয়ে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: ফাইভ আইউইটনেস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে এক দিন গোসল না করলে ত্বকে হতে পারে ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


শীতে এক দিন গোসল না করলে ত্বকে হতে পারে ক্ষতি

শীতকালে ঠান্ডা আবহাওয়া এবং বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। এ সময় নিয়মিত গোসলের পাশাপাশি অতিরিক্ত গরম পানি ব্যবহার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করতে পারে। তবে শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া ত্বকের জন্য উপকারী হতে পারে, এমন তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ শীতকালে গোসলের অভ্যাস এবং ত্বকের যত্ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের মতে, শীতের সময় পরিবেশের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি হারিয়ে যায়। একই সঙ্গে শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে যায়। এর ফলে ত্বক শুষ্ক এবং সংবেদনশীল হয়ে ওঠে।

শীতে এক দিন গোসল না করার অন্যতম উপকারিতা হলো, ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখার সুযোগ পাওয়া। এই তেল ত্বকের সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। প্রতিদিন গোসলের সময় সাবান ও পানি ব্যবহারে এই প্রাকৃতিক তেল কিছুটা কমে যেতে পারে।

অতএব, শরীরে ঘাম বা ময়লা না জমলে প্রতিদিন গোসল না করলেও সমস্যা নেই। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য অপ্রয়োজনে বারবার গোসল এড়িয়ে চলা উপকারী হতে পারে।

শীতের দিনে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল দূর করে শুষ্কতা বাড়াতে পারে। এতে গোসলের পর ত্বকে টানটান ভাব, চুলকানি এবং অস্বস্তি দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং কুসুম গরম পানি ব্যবহার করা। এছাড়া গোসলের সময় শরীর অতিরিক্ত ঘষাঘষি করা থেকেও বিরত থাকা উচিত।

শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার পাশাপাশি ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থা ত্বকের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এর সঙ্গে শরীরের প্রাকৃতিক তেল উৎপাদন কমে গেলে ত্বক আরও শুষ্ক হয়ে ওঠে।

এ সময় ত্বকে চুলকানি, খসখসে ভাব, লালচে র‍্যাশ এবং কখনো ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শীতকালে গোসলের অভ্যাসের পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখার দিকেও নজর দেওয়া জরুরি।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের পরামর্শ, গোসল শেষে তোয়ালে দিয়ে শরীর আলতোভাবে মুছে ত্বক পুরোপুরি শুকানোর আগেই, সম্ভব হলে তিন মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগাতে হবে।

এ ক্ষেত্রে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। কারণ সুগন্ধিযুক্ত প্রসাধনী সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া, অস্বস্তি বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

শীতে গোসলের অভ্যাস কেমন হওয়া উচিত

শীতকালে প্রতিদিন গোসল করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। তবে পরিচ্ছন্নতার জন্য নিয়মিত হাত, মুখ, বগল, পা এবং শরীরের প্রয়োজনীয় অংশ পরিষ্কার রাখা জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতকালে গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে রাখা, কুসুম গরম পানি ব্যবহার করা, অতিরিক্ত সাবান ও ঘষাঘষি এড়িয়ে চলা এবং গোসলের পর দ্রুত ময়েশ্চারাইজার লাগানো উচিত।

অর্থাৎ শীতকালে গোসলের ক্ষেত্রে প্রতিদিনের অভ্যাসের চেয়ে ত্বকের অবস্থা, পরিচ্ছন্নতার প্রয়োজন এবং আবহাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


নড়াইলে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের আশা

নড়াইল, ২৮ নভেম্বর, ২০২৬ : কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা বিদ্যমান। এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে পাকা রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষের দিকে রয়েছে। মোট চাষ করা ৭৫ শতাংশ জমির পাকা আমন ধান কাটা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকদের আগ্রহের কারণে রোপা আমন চাষাবাদ ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে সম্পন্ন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। আবাদ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসস’কে জানান, সদর উপজেলায় চলতি মওসুমে ২০ হাজার ১৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টর জমিতে।

লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ার ফলে প্রতিবছর রোপা আমন চাষাবাদে তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। রোপা আমন কাটা শেষে কৃষকরা বোরো ধান, সরিষাসহ রবি শস্য চাষাবাদ করবেন। ডিডি মুহাম্মদ আরিফুর রহমান জানান, চলতি মওসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যস্ফীতি কমায় আগামীতে সুদহার কমতে পারে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


মূল্যস্ফীতি কমায় আগামীতে সুদহার কমতে পারে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে আগামীতে সুদহার কমানোর বিষয়ে চিন্তা করা হতে পারে, এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি উল্লেখ করেন, ‘ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এখন যেহেতু মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে, ভবিষ্যতে সুদহার আরো কমানোর চিন্তা করতেই পারি।’

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গভর্নর বলেন, ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে নতুন ব্যবস্থা চালু হলো। এটি দেশের আর্থিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ছিল ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানো। সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসা পরিচালনার ব্যয় কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংক নয়, দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবে। তারা কম দামে পণ্য ও সেবা পাবে।’

তিনি আরো বলেন, ‘কোনো ব্যবসায়ীর সুদহার বেড়ে গেলে সেই বাড়তি খরচ তিনি নিজের পকেট থেকে বহন করেন না। পণ্যের দামের সঙ্গে তা যুক্ত করতে হয়। অন্যথায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। আমাদের উদ্দেশ্য হলো, এসব খরচ কমিয়ে জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া।’

গভর্নর আরও জানান, ‘এলসির ক্ষেত্রে আগে বেঞ্চমার্ক ৪ শতাংশের বেশি ছিল। সেটি এখন ৩ শতাংশ করা হয়েছে। এতে অনেক ব্যাংকের মুনাফা কমলেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে। আমরা অর্থায়ন ব্যয় কমানোর চেষ্টা করছি।’

লেনদেনের খরচ কমানোর উদ্দেশ্যে বাংলা কিউআর চালুর বিষয়টিও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, ‘আগে ১০০ টাকা পেমেন্ট করলে মার্চেন্ট ৯৮ টাকা ৫০ পয়সা পেতেন। এখন বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে পুরো ১০০ টাকাই পাবেন। এর ফলে লেনদেনের খরচ কমবে, যার সুফল শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’

উচ্চ সুদহারের চাপ মোকাবিলায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্যাকেজে সুদ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে ব্যবসা-বাণিজ্য সচল থাকে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়। এর সুফলও যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের লক্ষ্য।’

বৈদেশিক বাণিজ্যের খরচ কমানোর বিষয়ে গভর্নর বলেন, ‘বিদেশের সঙ্গে এলসি লেনদেনে সুইফটের মাধ্যমে যোগাযোগ করতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। এ ব্যয় কমাতে টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ সহজ করা হয়েছে। বর্তমানে সাধারণ টিটির মাধ্যমে ২৫ হাজার ডলার এবং ইআরকিউ থেকে ৫০ হাজার ডলার আনার সুযোগ রয়েছে। এর বেশি প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে অনুমতি দিচ্ছে। ব্যবসায়ীরা এসব সুযোগ ব্যবহার করলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’

ডলারের বিনিময় হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাজারভিত্তিক বিনিময় হারে বিশ্বাস করি। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ডলারের লেনদেন পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে। এখানে কে বিক্রেতা আর কে ক্রেতা, তা কেউ দেখতে পারবেন না। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে।’

আগামী এক মাসের মধ্যে সফটওয়্যারটি চালু করা হবে জানিয়ে গভর্নর বলেন, ‘এর মাধ্যমে ডলারের প্রকৃত বাজারভিত্তিক বিনিময় হার পাওয়া যাবে বলে আশা করছি।’

এ ছাড়া এলসির কাগজপত্র পাঠাতে কুরিয়ার খরচ অনেক বেশি হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্রক্রিয়াটিও স্বয়ংক্রিয় করার চিন্তা করা হচ্ছে। কাগজপত্র ই-মেইলের মাধ্যমে আদান-প্রদানের ব্যবস্থা করা গেলে সময় ও খরচ—দুটিই কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%