প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে আগামীতে সুদহার কমানোর বিষয়ে চিন্তা করা হতে পারে, এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি উল্লেখ করেন, ‘ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এখন যেহেতু মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে, ভবিষ্যতে সুদহার আরো কমানোর চিন্তা করতেই পারি।’
শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গভর্নর বলেন, ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে নতুন ব্যবস্থা চালু হলো। এটি দেশের আর্থিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ছিল ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানো। সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসা পরিচালনার ব্যয় কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংক নয়, দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবে। তারা কম দামে পণ্য ও সেবা পাবে।’
তিনি আরো বলেন, ‘কোনো ব্যবসায়ীর সুদহার বেড়ে গেলে সেই বাড়তি খরচ তিনি নিজের পকেট থেকে বহন করেন না। পণ্যের দামের সঙ্গে তা যুক্ত করতে হয়। অন্যথায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। আমাদের উদ্দেশ্য হলো, এসব খরচ কমিয়ে জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া।’
গভর্নর আরও জানান, ‘এলসির ক্ষেত্রে আগে বেঞ্চমার্ক ৪ শতাংশের বেশি ছিল। সেটি এখন ৩ শতাংশ করা হয়েছে। এতে অনেক ব্যাংকের মুনাফা কমলেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে। আমরা অর্থায়ন ব্যয় কমানোর চেষ্টা করছি।’
লেনদেনের খরচ কমানোর উদ্দেশ্যে বাংলা কিউআর চালুর বিষয়টিও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, ‘আগে ১০০ টাকা পেমেন্ট করলে মার্চেন্ট ৯৮ টাকা ৫০ পয়সা পেতেন। এখন বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে পুরো ১০০ টাকাই পাবেন। এর ফলে লেনদেনের খরচ কমবে, যার সুফল শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’
উচ্চ সুদহারের চাপ মোকাবিলায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্যাকেজে সুদ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে ব্যবসা-বাণিজ্য সচল থাকে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়। এর সুফলও যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের লক্ষ্য।’
বৈদেশিক বাণিজ্যের খরচ কমানোর বিষয়ে গভর্নর বলেন, ‘বিদেশের সঙ্গে এলসি লেনদেনে সুইফটের মাধ্যমে যোগাযোগ করতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। এ ব্যয় কমাতে টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ সহজ করা হয়েছে। বর্তমানে সাধারণ টিটির মাধ্যমে ২৫ হাজার ডলার এবং ইআরকিউ থেকে ৫০ হাজার ডলার আনার সুযোগ রয়েছে। এর বেশি প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে অনুমতি দিচ্ছে। ব্যবসায়ীরা এসব সুযোগ ব্যবহার করলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’
ডলারের বিনিময় হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাজারভিত্তিক বিনিময় হারে বিশ্বাস করি। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ডলারের লেনদেন পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে। এখানে কে বিক্রেতা আর কে ক্রেতা, তা কেউ দেখতে পারবেন না। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে।’
আগামী এক মাসের মধ্যে সফটওয়্যারটি চালু করা হবে জানিয়ে গভর্নর বলেন, ‘এর মাধ্যমে ডলারের প্রকৃত বাজারভিত্তিক বিনিময় হার পাওয়া যাবে বলে আশা করছি।’
এ ছাড়া এলসির কাগজপত্র পাঠাতে কুরিয়ার খরচ অনেক বেশি হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্রক্রিয়াটিও স্বয়ংক্রিয় করার চিন্তা করা হচ্ছে। কাগজপত্র ই-মেইলের মাধ্যমে আদান-প্রদানের ব্যবস্থা করা গেলে সময় ও খরচ—দুটিই কমবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন