প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট, ফারাক্কা বাঁধের দীর্ঘমেয়াদি প্রভাব এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যৎ চুক্তির রূপরেখা নিয়ে ‘আমার দেশ পাঠকমেলা, জবি’র উদ্যোগে একটি বিশ্লেষণধর্মী পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
পাঠচক্রটি সুশৃঙ্খলভাবে দুটি মূল পর্বে বিভক্ত করে পরিচালনা করা হয়। এতে সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়ভিত্তিক গঠনমূলক আলোচনায় মেতে ওঠেন।
আলোচনার প্রথম পর্বে ‘ফারাক্কা বাঁধ-পরবর্তী গঙ্গা চুক্তি, এর জটিল সমীকরণ এবং বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। অংশগ্রহণকারী বক্তারা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর নাব্য হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি ও জীববৈচিত্র্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির বিভিন্ন ধারা ও বাস্তবায়নের জটিলতা বিশ্লেষণ করে বক্তারা উল্লেখ করেন, শুকনো মৌসুমে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যাপ্রাপ্তিতে নানা কারিগরি ও কূটনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সামগ্রিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে।
আলোচনার দ্বিতীয় পর্বে ‘সব প্রেক্ষাপট ও ভূরাজনৈতিক গ্রাউন্ড বিবেচনায় দেশের স্বার্থে পরবর্তী চুক্তির শর্তাবলি কেমন হওয়া উচিত’, সে বিষয়ে গভীর মতবিনিময় করা হয়।
বক্তারা অভিমত ব্যক্ত করেন, ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক সমীকরণকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ চুক্তিতে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা, শুকনো মৌসুমে ন্যূনতম পানি প্রবাহের আইনি গ্যারান্টি রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এছাড়া শুধু দ্বিপক্ষীয় আলোচনার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরাম ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতামত পর্বের মধ্য দিয়ে পাঠচক্রটি শেষ হয়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও গবেষণাধর্মী পাঠচক্র তরুণ প্রজন্মকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। ভবিষ্যতেও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত এমন আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন