০১:১১ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নদী উপত্যকায়, যা কোকা চাষের জন্য পরিচিত, দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং পাইলট গুরুতর আহত অবস্থায় রয়েছেন। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে একটি টহল দলের সদস্যদের উদ্ধারের জন্য হেলিকপ্টারটি অভিযানে বের হয়েছিল। স্থানীয়ভাবে স্প্যানিশ ভাষায় এই অঞ্চলটি ‘ভ্রায়েম’ নামে পরিচিত।
আরও পড়ুন: ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর কোটা ৩০ শতাংশে সীমাবদ্ধ
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে উদ্ধার করেছে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য লিমায় স্থানান্তরিত করা হয়েছে।’
ভ্রায়েম পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা হিসেবে পরিচিত। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে এখানে সামরিক কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।
বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর আসে। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকায় তিনজন সেনাসদস্যকে উদ্ধার করার জন্য এটি ব্যবহৃত হয়েছিল।
আরও পড়ুন: এবার হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম
কিন্তু কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উদ্ধার হওয়া তিন সেনাসদস্যও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পেরু বিশ্বের কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয়।
আরও পড়ুন: ‘শেষ স্থানীয় যোদ্ধা’ নিহত, কাশ্মীরে সশস্ত্র তৎপরতা শেষ হচ্ছে কি?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন