প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের বাণিজ্যিক সমীকরণে এতদিন কেবল নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়ে আসছিল। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সেই দৃশ্যপট বদলে গেছে। বড় বাজেটের সিনেমা ও প্যান-ইন্ডিয়া প্রজেক্টে নায়িকারা এখন আর শুধুমাত্র গ্ল্যামারের অংশ নয়; বরং তারা গল্পের কেন্দ্রে, বক্স অফিসের আয়ে এবং দর্শক টানার ক্ষেত্রে সমানভাবে প্রভাব ফেলছেন।
যেমন, দীপিকা পাড়ুকোন। বলিউডে একটি প্রচলিত কথা রয়েছে যে, শাহরুখ খানের সিনেমায় দীপিকার অভিনয় মানেই বক্স অফিস হিট। এই জুটির একসঙ্গে অভিনীত চলচ্চিত্রের বক্স অফিস রেকর্ডও এটি প্রমাণ করে।
এখন দেখা যাক, বলিউডে আয়ের দিক থেকে লেডি সুপারস্টারদের অবস্থান কেমন। জনপ্রিয় বিনোদন পোর্টাল ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এর প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের তালিকায় পাঁচ তারকা স্থান করে নিয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া
হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান পোক্ত করা প্রিয়াঙ্কা চোপড়া তালিকার শীর্ষে রয়েছেন। ২০০০ সালে বিশ্বসুন্দরীর মুকুট জেতার পর ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে বলিউডে তার যাত্রা শুরু হয়। ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেছেন; বিশেষ করে ‘ফ্যাশন’-এর জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে ‘কোয়ান্টিকো’ সিরিজের পাশাপাশি ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এ তাকে দেখা গেছে। আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমা প্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।
দীপিকা পাড়ুকোন
দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে এবং এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘পিকু’ দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন।
হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ এবং ২০২৪ সালের ‘কল্কি ২৮৯৮ এডি’তে অভিনয় করেছেন দীপিকা। তার সিনেমা প্রতি পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
কঙ্গনা রানাওয়াত
তৃতীয় স্থানে থাকা কঙ্গনা রানাওয়াত অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও সক্রিয়। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ দিয়ে তার যাত্রা শুরু হয় এবং এরপর ‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এ অভিনয় করেন তিনি; ‘কুইন’-এর জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন।
নিজের পরিচালনায় নির্মিত ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে ২০২৪ সালে আলোচনায় আসবেন কঙ্গনা। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমা প্রতি তার পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা।
ক্যাটরিনা কাইফ
চতুর্থ স্থানে থাকা ক্যাটরিনা কাইফ ২০০৩ সালে ‘বুম’ দিয়ে তার যাত্রা শুরু করেন, তবে ধীরে ধীরে ‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো সিনেমায় নিজের জায়গা তৈরি করেন।
নাচ ও অ্যাকশনে আলাদা পরিচিতি পাওয়া এই তারকা ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’-এও নজর কেড়েছেন। সিনেমা প্রতি তার পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।
আলিয়া ভাট
পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়া ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে প্রবেশ করেন। এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন; বিশেষ করে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে তার অভিষেক ঘটে। আইএমডিবির হিসাবে সিনেমা প্রতি তার পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন