প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকা শহরের চারপাশের নদ-নদীর তীর থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় নদীদূষণ প্রতিরোধ ও ইনার সার্কুলার রোড নির্মাণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদী ও সংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় নদীর দুই তীরে ১০০ মিটার দূরত্বের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নগর পরিকল্পনাবিদদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নগরের গ্রিন-ব্লু নেটওয়ার্কে উল্লেখযোগ্য উন্নতি হবে। এটি শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে এবং শহরের তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করবে।
গ্রিন-ব্লু নেটওয়ার্ক হল নগর পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি ধারণা, যেখানে শহরের সবুজ এলাকা (পার্ক, গাছপালা, বন) এবং নীল এলাকা (নদী, খাল, পুকুর, জলাশয়) একটি সংযুক্ত নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বাসসকে জানান, নদীর ১০০ মিটারের ভেতরে কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ অনেক আগে নেওয়া উচিত ছিল। কারণ, স্থাপনা নির্মাণ হলে বর্ষাকালে পানি নামতে পারে না, ফলে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, নদীর সৌন্দর্য রক্ষা করা আমাদের নগরের জন্য, জনপদের জন্য এবং গ্রামীণসহ সব এলাকার জন্য অত্যন্ত প্রয়োজন। নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট করার প্রস্তাব দেন তিনি, যাতে গণপরিসর তৈরি হয় এবং মানুষ নদীর পাড়ে বসে হাঁটাহাঁটি করতে পারে।
তিনি বলেন, বর্তমান সরকার এটাই করার চেষ্টা করছে। এ সরকার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিল যে তারা প্রচুর গাছ লাগাবে এবং খাল ও নদী সংস্কার করবে। তাই এটি তাদের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ।
এদিকে, পরিবেশবিদরা সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা বলেন, পরিকল্পিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, জলপ্রবাহ স্বাভাবিক রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, এটি নদীর প্রয়োজনীয়তা ও দখলমুক্ত রাখতে একটি ভাল বার্তা দেবে। তবে দখল ও দূষণ রোধ করতে হলে কঠোরভাবে আরও পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বাসসকে জানান, নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩.৮ অনুযায়ী ১০০ মিটার সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব পালনকারী সংস্থা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীরবর্তী বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করে এবং অবৈধ স্থাপনা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মিত উচ্ছেদকরণের কার্যক্রম পরিচালনা করে থাকে।
নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কাজ সরাসরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যবলীর আওতাধীন হওয়ায় এ বিষয়ে এ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক থেকে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। আন্তঃমন্ত্রণালয় সভা করে করণীয় বিষয়ে দিকনির্দেশনা চূড়ান্ত করা হবে।
যাইহোক, এ সুরক্ষা বলয় বাস্তবায়নের ক্ষেত্রে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন অংশ থেকে ১০০ মিটার পরিমাপ করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করা প্রয়োজন। নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে শাহীনুর আলম বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার হতে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।
বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বাসসকে জানান, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদী সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে যদি কোনো ব্যক্তি বাড়ি বানাতে চান, তাহলে বিআইডব্লিউটি-এর অনুমতিপত্র প্রয়োজন। এতদিন রাজউক আমাদের অনুমতিপত্র নিয়ে স্থাপনা করার ছাড়পত্র দিয়ে এসেছে।
তিনি বলেন, সরকার এটাকে ৫০ মিটার থেকে ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট করছে। এখন পরিপত্র জারি হলে, আমরা সেটি বাস্তবায়নের জন্য কাজ করব।
পরিবেশবিদরা মনে করেন, এ ধরনের উদ্যোগ নদী রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সাথে সমন্বয় করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, আইনের প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ১০০ মিটার সুরক্ষা বলয় ও গ্রিন-ব্লু নেটওয়ার্ক দেশের নদী ও জলাভূমি সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন