০৭:২৭ পি.এম
শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদের সংগ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম আজও প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন বক্তারা। বক্তারা বলেন, কবি সুকান্তের কবিতা একসময় মুক্তিযুদ্ধে মানুষের মধ্যে সাহস জুগিয়েছে। একইভাবে নব্বইয়ের গণ-অভ্যুত্থান ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও ছাত্র-যুবকদের আন্দোলিত করেছে তার সাহিত্যকর্ম।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ভ্যানগার্ড মিলনায়তনে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কবি কামরুজ্জামান ভূঁইয়া ও আব্দুল্লাহ আল মামুন তাজু।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
বক্তারা বলেন, মাত্র ২১ বছরের জীবনে সাহিত্যসৃষ্টির মাধ্যমে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন সুকান্ত ভট্টাচার্য। গণমানুষের এই কবি কবিতার পাশাপাশি গান, গল্প, নাটক ও প্রবন্ধ লিখেছেন। আট-নয় বছর বয়স থেকেই তার লেখালেখির শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন।
১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন তিনি। একই বছর ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে ‘আকাল’ কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তোর লেখা ‘আঠারো বছর বয়স’, ‘ছাড়পত্র’, ‘হে মহাজীবন’, ‘রানার’ ও ‘দেশলাই কাঠি’র মতো কবিতা প্রজন্মের পর প্রজন্মকে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে। মার্কসবাদী চেতনায় আস্থাশীল সুকান্ত বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার সাহিত্যকর্মে শ্রমজীবী ও বঞ্চিত মানুষের অধিকার, সাম্য এবং শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ, এলপিজিসহ জ্বালানির দাম দফায় দফায় বাড়ছে। বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তির নেতিবাচক প্রভাব দেশের কৃষি, শিল্পসহ সামগ্রিক অর্থনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়ছে। ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের জীবন দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে শোষিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন জোরদার এবং পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদের লড়াই এগিয়ে নিতে সুকান্তের সাহিত্যকর্ম থেকে প্রেরণা নিতে হবে।
আলোচনা শেষে সুকান্তের কবিতা আবৃত্তি ও তার রচিত গান পরিবেশন করেন চারণের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস, অর্থ সম্পাদক শাহীনা সুলতানা দিজু, প্রদীপ সরকারসহ সংগঠনের শিল্পীরা।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন