ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার


গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

 রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার পরে উপজেলার সারইল গ্রামে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মোঃ শাহীন আলী (৩৮) ও একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন (২৮)।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজশাহীর দিকে আসা সন্দেহভাজন দুজনকে থামিয়ে তাদের দেহ তল্লাশি করে শাহীন আলীর প্যান্টের পকেট থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ শাহীন (৫৬) নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে। তাঁকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। পলাতক শাহীন-এর বিরুদ্ধেও ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার দুজন ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন প্রদান করেছে। ফলে মোট ১৪ হাজার পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, তা এখনও নিশ্চিত নয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদরদপ্তর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাই গণমাধ্যমকে জানান, "বিষয়টি মাত্রই মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।" তিনি আরও বলেন, "দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব দ্রুত এ বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর চার হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের জন্য পৃথক মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। উভয় ক্ষেত্রেই পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, চার হাজার এসআই-নিরস্ত্র পদ দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এসব পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডের। এসব পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা হবে।

কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়ার শর্ত রয়েছে। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগের যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

অন্যদিকে, এসআই পদগুলো ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ অনুযায়ী পূরণ করা হবে। উভয় পদের ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বোর্ডের ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


রাজশাহী বোর্ডের ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য কেন্দ্র কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে। এ কমিটিতে পাঁচ সদস্য থাকবে, যার মধ্যে একজন তত্ত্বাবধায়ক কর্মকর্তা এবং চারজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। গঠিত কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করা হয়, যেখানে এ নির্দেশনা উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু, স্বাভাবিক ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার জন্য বোর্ডের ‘উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (সাপ্লিমেন্টারি) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা’ অনুযায়ী পাঁচ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করতে হবে।

জেলা সদরে অবস্থিত কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ের কেন্দ্রে এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা তার মনোনীত প্রতিনিধি।

কেন্দ্র কমিটির সদস্য হিসেবে বিভাগীয় সদরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক, জেলা সদরে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনীত করতে হবে।

এছাড়া, রাজশাহী শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত কেন্দ্রের আওতাধীন স্থানীয় সরকারি বা বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ, একজন মেডিকেল কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

কেন্দ্র হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন। যদি কোনো অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হন, তবে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা যেকোনো সরকারি গেজেটেড কর্মকর্তা এ দায়িত্ব পালন করতে পারবেন।

তবে যেসব কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত নেই, সেসব কেন্দ্রে ইউএনওর মনোনীত প্রতিনিধি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর সন্তান কিংবা পোষ্য যদি এ পরীক্ষায় অংশ নেয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি ওই পরীক্ষায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক বা পরীক্ষা-সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে পারবেন না।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য উপকরণ রাজশাহী শিক্ষা বোর্ডের উপকরণ শাখা থেকে সংগ্রহ করবেন। কেন্দ্র কমিটি গঠনের পর কেন্দ্রভিত্তিক কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

যেসব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপদে সংরক্ষণের জন্য ট্রেজারি নেই, সেসব কেন্দ্রের প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক বাণিজ্যিক ব্যাংক অথবা থানার নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। ব্যাংক বা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কেন্দ্র ফি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালার ২-এর ‘ছ’ উপধারার (iv) অনুযায়ী ব্যয় করতে হবে। কেন্দ্রের আয়-ব্যয়ের হিসাব সরকার মনোনীত নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কাছে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র উপায় হলো আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ। তার মতে, তাকে ফিরিয়ে আনার জন্য দ্বিতীয় কোনো বিকল্প নেই।

শনিবার (২১ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

শিশির মনির উল্লেখ করেছেন যে, প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুসারে, বাংলাদেশ সরকার যদি অনুরোধ পাঠায়, তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে তিনবার জানতে চেয়েছে।

তিনি আরও বলেন, চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে গ্রেফতার করা প্রয়োজন। পরে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই ম্যাজিস্ট্রেটকে ‘এক্সট্রাডাইটিং ম্যাজিস্ট্রেট’ বলা হয়। যদিও তিনি ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা হাইকোর্টের সমান। বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক মনে হলে, তিনি প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান নির্ধারণ করে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

উদাহরণ হিসেবে শিশির মনির বলেন, এ আইনের আওতায় ইতোমধ্যে দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন অনুপ চেটিয়া এবং অন্যজন নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেন।

শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে তিনি জানান, লোকসভার রিপোর্ট অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাটাস হলো ‘হিউম্যানিটারিয়ান রিফিউজ’, যা মানবিক আশ্রয়। অস্তিত্বের সংকটে থাকা ব্যক্তিদের এ ধরনের আশ্রয় দেওয়া হয়। ব্যক্তিগতভাবে এই স্ট্যাটাস বাতিল করা সম্ভব নয়। এজন্য ভারত সরকারকে আগে স্ট্যাটাস পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। এক সরকার অন্য সরকারের কাছে প্রত্যর্পণ করে।

জামায়াত ও বিএনপির ঐক্য প্রসঙ্গে শিশির মনির বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সমালোচনার পরিবেশ থাকা প্রয়োজন। গালাগালি, বাজে শব্দের ব্যবহার ও অপমান বন্ধ করা উচিত। বিরোধী দল কিংবা সরকারি দল, যে পক্ষই এমন আচরণ করুক না কেন, তাকে থামাতে হবে। জুলাই আন্দোলনের প্রাপ্তি ও গণভোটের গুরুত্ব দিতে হবে। ৫ আগস্টের চেতনার বাইরে গেলে রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হবে, এ বিষয়ে সবাই একমত।

ওসমান হাদী হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে শিশির মনির বলেন, এ মামলায় একটি অভিযোগপত্র দেওয়া হলেও বাদীপক্ষ তা গ্রহণ না করে নারাজি আবেদন করেছে। ফলে মামলাটি আবার অধিকতর তদন্তে গেছে। এখন মূল প্রশ্ন হলো, মোটরসাইকেল থেকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেটির সরবরাহ কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা ষড়যন্ত্রকারী ছিল। শুধু কে গুলি করেছে, তা বের করলেই হবে না; এটি কোনো পরিকল্পনা বা নকশার অংশ কি না, তাও খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা দক্ষ। তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তদন্তে হস্তক্ষেপ করা হলে তা দুর্বল হয়ে যায়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। সরকার বিচার চায়। আদালত নারাজি আবেদন গ্রহণ করায় এখন অধিকতর তদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে।

মতবিনিময় সভায় দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাবেক আহ্বায়ক শোয়েব হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়খ আহমাদুল্লাহ: প্রেমে ব্যর্থতা বিয়ের প্রতি অনীহা নির্বুদ্ধিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


শায়খ আহমাদুল্লাহ: প্রেমে ব্যর্থতা বিয়ের প্রতি অনীহা নির্বুদ্ধিতা

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশায় বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে ‘নির্বুদ্ধিতা’ হিসেবে উল্লেখ করেছেন। এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি বাস্তবতা মেনে নেওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এক শ্রোতা জানান, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও পারস্পরিক ভালোবাসা ছিল, দুই পরিবারের সম্মতি না পাওয়ায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে ২৮ বছর বয়সে এসে ওই শ্রোতা বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় তিনি জানতে চান, বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান কী।

শায়খ আহমাদুল্লাহ জবাবে বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। সেই সম্পর্কের পরিণতি না পাওয়ার কারণে বা কাউকে হারানোর বেদনায় বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।

তিনি আরও উল্লেখ করেন, যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা ছিল, তিনি যদি অন্যত্র সংসার পেয়ে সুখে-শান্তিতে থাকেন, তবে তার স্মৃতিতে নিজেকে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

শায়খ আহমাদুল্লাহ বাস্তবতার মুখোমুখি হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, কেউ যদি অন্যত্র বিয়ে করে ভালো থাকতে পারেন, তবে নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে শুরু করাই বুদ্ধিমানের কাজ। অতীতের সম্পর্কটি না হওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’—এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শুকরিয়া আদায় করার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%