০৮:৩১ পি.এম
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন প্রদান করেছে। ফলে মোট ১৪ হাজার পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, তা এখনও নিশ্চিত নয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদরদপ্তর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাই গণমাধ্যমকে জানান, "বিষয়টি মাত্রই মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।" তিনি আরও বলেন, "দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব দ্রুত এ বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর চার হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের জন্য পৃথক মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। উভয় ক্ষেত্রেই পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, চার হাজার এসআই-নিরস্ত্র পদ দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এসব পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডের। এসব পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা হবে।
কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়ার শর্ত রয়েছে। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগের যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।
অন্যদিকে, এসআই পদগুলো ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ অনুযায়ী পূরণ করা হবে। উভয় পদের ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হবে।
আরও পড়ুন: ধর্ষণের পর ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করালেন কোনাবাড়ী থানার ওসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন