০৮:৪৫ পি.এম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।
অভিযোগকারী জানান, অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে তাকে গাজীপুরের একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। সেই সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর তিনি এ বিষয়ে পুলিশের কাছে দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে।
ওই নারী জানিয়েছেন, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তাই তিনি বর্তমানে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী
গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় যান। সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয় এবং এর ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
তিনি দাবি করেন, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সোহেল এ কাজে সহযোগিতা করতেন এবং ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। পরে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন এবং পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ পেলে সোহেল তাকে হুমকি দেন যে এর পরিণতি ভালো হবে না।
ওই নারীর অভিযোগ, ইফতেখারের বাবা ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান।
তিনি আরও জানান, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন এবং পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।
আরও পড়ুন: দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল
জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর তিনি দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় এবং পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।
অভিযোগকারী দাবি করেন, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত।
তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আরও পড়ুন: অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম
তিনি আরও বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’
তিনি আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন