ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুজন


মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুজন

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এই নির্বাচনে আগামী তিন বছরের জন্য দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি হিসেবে এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন। সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ৬ জন নির্বাচন করেছেন, যার মধ্যে ১ জন সাধারণ সম্পাদক এবং ৩ জন কার্যকরী সদস্য নির্বাচিত হন। আরটিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: নরসিংদীতে সিআরবি'র বার্ষিক বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হয় বিকেল সাড়ে ৫টার সময়।

ভোটের ফলাফল থেকে জানা যায়, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির এবং এসএম সাইফুল্লাহ সহ-সভাপতি, এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল, সহ-সম্পাদক পদে দৈনিক সংবাদ-এর প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হন।

কার্যকরী সদস্য পদে গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী নির্বাচিত হন। আগামী ২০২৬-২০২৯ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: পিরোজপুর মঠবাড়ীয়ায় টানা বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তা

মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।

ত্রিবার্ষিক সাধারণ সভায় মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।

বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, "আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চাই। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা কাজ করব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।"

আরও পড়ুন: টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ১৫-২১ নভেম্বর পরিচ্ছন্নতা অভিযান

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, "নতুন নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা কে একটি মডেল সমিতি হিসেবে গঠন করতে চাই। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সমাজে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি।"

নির্বাচনের ফলাফলের পর মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া

চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানের অভ্যন্তরে পারমাণবিক নীতি পরিবর্তনের দাবি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাগচি উল্লেখ করেন, পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। ইরানের অভ্যন্তরে এ বিষয়ে সমর্থক ও বিরোধী উভয়ই রয়েছে।

তিনি বলেন, "রাশিয়া ও চীনও আমাদের পারমাণবিক নীতি পরিবর্তনের বিরোধী।" ইরানের সঙ্গে দেশ দুটি কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে।

আরাগচি আরও জানান, "মূল বিষয় হলো, এখনও পর্যন্ত আমাদের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমাদের আনুষ্ঠানিক অবস্থান পূর্বের মতোই অপরিবর্তিত রয়েছে।"

দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ফতোয়া অনুযায়ী, পারমাণবিক অস্ত্রসহ যেকোনো গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ। ইরানের সরকার এখনও সেই নীতি অনুসরণ করছে। যদিও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারা বর্তমানে পারমাণবিক নীতি পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলছেন। তবে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও তার মধ্যপন্থী সরকার আপাতত সেই দাবি উপেক্ষা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচির কথায়, "অনেকে মনে করেন দেশের পরমাণু নীতি বর্তমান অবস্থাতেই বজায় রাখা উচিত। আবার অন্যরা পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা রয়েছে।"

এদিকে, নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।

গত সপ্তাহে জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থা ইরানকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরে যাওয়ার জন্য ‘ধাপে ধাপে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এই প্রবেশাধিকার ‘অত্যন্ত জরুরি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল

দেশ বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। নাশকতা সৃষ্টি বা ফ্যাসিষ্টদের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কারো জন্য ছাড় থাকবে না, এমনকি দলের সদস্যরাও এর আওতায় আসবে। উপজেলা বিএনপি আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কোন প্রতীক দেওয়া হবে না। তবে, দলের পক্ষ থেকে যাকে মনোনীত করা হবে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা বিগত সময়ে দলের সাথে বেঈমানি করেছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় যুবদলের শাহাশাজালার গাজির সঞ্চালনায় বক্তব্য দেন গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান, উজলকুড় ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান বাবলা, বাইনতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আলী আজম, রামপাল সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, রাজনগর ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন, হুড়কা ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন, পেড়িখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মল্লিকেরবেড় ইউনিয়নের জাহিদুর রহমান টুটুল, বাঁশতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক মো. তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আইনমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কিনা, সেটিও সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালাবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করা হবে।

আইনমন্ত্রী বলেন, গণহত্যা করে আওয়ামী লীগ ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, অথচ তাদের এ নিয়ে কোনো অনুশোচনা নেই।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের উত্থান ঘটবে, তা তারা বুঝতে পারেননি। ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ নামে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রী অভিযোগ করেন, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনও ফিরে আসেননি। অনেকের স্বজন এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, প্রিয়জন যেন ফিরে আসেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির দ্বিতীয় ক্যাম্পাসের ব্যয় ২৪২ কোটি টাকা বাড়ছে, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


কুবির দ্বিতীয় ক্যাম্পাসের ব্যয় ২৪২ কোটি টাকা বাড়ছে, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ আট বছরেও সম্পন্ন হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় ২৪২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে আলোচনা হয়নি। ফলে সংশোধিত প্রস্তাবের অনুমোদন ঝুলে রয়েছে।

প্রথম সংশোধনী প্রস্তাবে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। মূল প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার অনুষ্ঠিত একনেক সভার এজেন্ডায় প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিল, তবে সব এজেন্ডা নিয়ে আলোচনা শেষ হওয়ার আগেই সভা সমাপ্ত হয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন মন্তব্য করেন, ‘প্রকল্পটি একনেকের সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। তবে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সব এজেন্ডা নিয়ে আলোচনা শেষ করা সম্ভব হয়নি। আশা করছি, পরবর্তী একনেক সভায় প্রকল্পটি পাস হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমাদের প্রকল্পের এজেন্ডাটি কিছুটা নিচের দিকে ছিল। আগের এজেন্ডা শেষ করার পরই প্রধানমন্ত্রী সভা সমাপ্ত করেন। ফলে আমাদের প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। আশা করছি, পরবর্তী একনেক সভায় এটি শুরুতেই থাকবে এবং পাস হবে।’

পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাস্তবায়নাধীন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বরে অনুমোদন পায়। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে ব্যয় না বাড়িয়ে মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে ওই সময়েও কাজ শেষ হয়নি।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, দরপত্র প্রক্রিয়া, ভূমি অধিগ্রহণ ও মাস্টারপ্ল্যান তৈরিতে দীর্ঘ সময় লেগেছে। পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের ২০২২ সালের হালনাগাদ রেট সিডিউলের কারণে নির্মাণ ও পূর্তকাজের ব্যয় পুনর্নির্ধারণ করতে হয়েছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সংশোধিত প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের পর একনেকে পাঠানোর সুপারিশ করা হয়। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউজিসি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাস্তবায়ন করছে।

সংশোধিত প্রস্তাবে যা থাকছে

সংশোধিত প্রস্তাবে নিরাপত্তা ব্যারাক, বহিঃঅগ্নিনির্বাপণ ব্যবস্থা, পাম্প হাউস, পানি ও বিদ্যুৎ সংযোগ, বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধনসহ নতুন ১৫টি অঙ্গ যুক্ত করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে নতুন রেট সিডিউলের কারণে হল, একাডেমিক ও আবাসিক ভবন, টিএসসি, অডিটোরিয়াম এবং ভূমি উন্নয়ন খাতে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া লেকের ওপর সেতু, স্মৃতিস্তম্ভ, ওয়াচ টাওয়ার বা শহীদ মিনার, পারিবারিক বিনোদন এলাকা এবং বৈজ্ঞানিক ও টেলিযোগাযোগ যন্ত্রপাতির কাজ বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। ভূমি অধিগ্রহণ, মেডিকেল সেন্টার, স্পোর্টস কমপ্লেক্স, লেক খনন, সৌরবিদ্যুৎ ও গভীর নলকূপসহ আটটি খাতে ব্যয় কমানোর প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা। আর্থিক অগ্রগতি ৮৬ দশমিক ৯২ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৮৬ দশমিক ৮৩ শতাংশ। বাকি কাজ শেষ করতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

প্রকল্পের পরিধি

প্রকল্পের আওতায় ১৯৫ দশমিক ৫২ একর জমি অধিগ্রহণ ও ১০০ একর জমি উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এতে দুটি ১০ তলা ছাত্র হল, দুটি ছাত্রী হল, শিক্ষকদের আবাসিক ভবন, ডরমিটরি, চারটি ১০ তলা একাডেমিক ভবন, ছয় তলা প্রশাসনিক ভবন ও গ্রন্থাগার, টিএসসি, অডিটোরিয়াম, মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মসজিদ এবং সাতটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কথা রয়েছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ ছিল। দেশের সংকটময় পরিস্থিতিতেও যাতে শিক্ষাখাতের উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগের প্রকল্পের কিছু কাজ কাটছাঁট করা হয়েছে। বাদ দেওয়া কাজগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারব। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%