০৮:৫২ পি.এম
চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানের অভ্যন্তরে পারমাণবিক নীতি পরিবর্তনের দাবি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাগচি উল্লেখ করেন, পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। ইরানের অভ্যন্তরে এ বিষয়ে সমর্থক ও বিরোধী উভয়ই রয়েছে।
তিনি বলেন, "রাশিয়া ও চীনও আমাদের পারমাণবিক নীতি পরিবর্তনের বিরোধী।" ইরানের সঙ্গে দেশ দুটি কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
আরাগচি আরও জানান, "মূল বিষয় হলো, এখনও পর্যন্ত আমাদের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমাদের আনুষ্ঠানিক অবস্থান পূর্বের মতোই অপরিবর্তিত রয়েছে।"
দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ফতোয়া অনুযায়ী, পারমাণবিক অস্ত্রসহ যেকোনো গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ। ইরানের সরকার এখনও সেই নীতি অনুসরণ করছে। যদিও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারা বর্তমানে পারমাণবিক নীতি পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলছেন। তবে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও তার মধ্যপন্থী সরকার আপাতত সেই দাবি উপেক্ষা করছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচির কথায়, "অনেকে মনে করেন দেশের পরমাণু নীতি বর্তমান অবস্থাতেই বজায় রাখা উচিত। আবার অন্যরা পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা রয়েছে।"
এদিকে, নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।
আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
গত সপ্তাহে জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থা ইরানকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরে যাওয়ার জন্য ‘ধাপে ধাপে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এই প্রবেশাধিকার ‘অত্যন্ত জরুরি’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন