প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ২৬ মিরপুর রোডে অবস্থিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা।
‘ফ্রেঞ্চ উইক ২০২৬’-এর অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। সহযোগিতায় রয়েছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও সিটি ব্যাংক। উৎসব চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী মোট ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা দেন। বিচারকমণ্ডলীর বাছাই শেষে প্রদর্শনীর জন্য ৪৪টি আলোকচিত্র নির্বাচিত হয়েছে। এছাড়াও ডিজিটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে আরও ৫০টি ছবি প্রদর্শিত হচ্ছে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রী রাহুল তালুকদার, সৌদ আল ফয়সাল ও আবীর আবদুল্লাহ।
অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল ২০২৬-এর পরিচালক আবীর আবদুল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করা এবং তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করা। আমরা এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা ছবির মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। সারা দেশ থেকে পাওয়া সাড়া আমাদের আশাবাদী করেছে। একই সঙ্গে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্যাপন এবং কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর প্রতি শ্রদ্ধা নিবেদনও এবারের উৎসবের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি, এই উৎসব নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার এবং বাংলাদেশের আলোকচিত্র সম্প্রদায়কে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেদেরিক ইনজা, বিশিষ্ট আলোকচিত্রী শংকর শাওজাল এবং আলোকচিত্রী সৌদ আল ফয়সাল।
ফ্রেদেরিক ইনজা বলেন, “আলোকচিত্রকে শিল্পমাধ্যম হিসেবে উদ্যাপন এবং ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর মতো কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজন অত্যন্ত আনন্দের। স্ট্রিট ফটোগ্রাফি সাধারণ দৃশ্যকেও একজন আলোকচিত্রীয়ের প্রতিভা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পকর্মে রূপ দেওয়ার সুযোগ করে দেয় এবং আলোকচিত্রের শিল্পকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসে। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা পড়াই এই উৎসবের সাফল্যের পরিচয়। তরুণ আলোকচিত্রীদের এমন প্রতিভার বিকাশের সুযোগ তৈরি হওয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই।”
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন বিজয় কৃষ্ণ পাল, দ্বিতীয় কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন মো. আশিকুর রহমান। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ১০ জন আলোকচিত্রী—মুহাইমিনুর রহমান রাকিব, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন শাওন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, মো. লাকিব উর রশিদ, আশরাফুল সরকার কিবরিয়া, মুস্তাভি ফাইয়াজ তাওফি ও তাসিফ আনোয়ার। আগামী ২৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
আয়োজকেরা জানান, এই উৎসবে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্যাপনের পাশাপাশি স্ট্রিট ফটোগ্রাফির ইতিহাসে প্রভাবশালী ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। দৈনন্দিন জীবনের সাধারণ দৃশ্যে লুকিয়ে থাকা অসাধারণ মুহূর্ত যথাসময়ে ক্যামেরায় ধারণের ‘দ্য ডিসাইসিভ মোমেন্ট’ বা ‘নির্ণায়ক মুহূর্ত’ ধারণার জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। পাশাপাশি ফরাসি আলোকচিত্রের ঐতিহ্যের সঙ্গে তরুণদের সমকালীন কাজের মেলবন্ধন ঘটানো এবং প্রতিদিনের জীবন ও শহরের পরিবর্তনশীল বাস্তবতা তুলে ধরাই উৎসবের লক্ষ্য।
২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন