প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ২২ বছর বয়সী শাহরিয়ার নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার, ২১ নভেম্বর, দুপুর দুইটার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের ভেতর থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
আটককৃত শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে গিয়েছিলেন। এক পর্যায়ে পাথর সংগ্রহের সময় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যান্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু শাহরিয়ারকে আটক করে বিএসএফ নিয়ে যায়।
এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া জানিয়েছেন, তার ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ।
তিনি উল্লেখ করেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এই কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন