ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার


রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

রংপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন, যিনি মেরিল সুমন নামে পরিচিত, তাকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩ তাকে গ্রেপ্তার করে।

মেরিল সুমন রংপুর মহানগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি এবং অপহরণসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। তবে এসআরবি-১৩ জানায়, কোতোয়ালি থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, মেরিল সুমনের বিরুদ্ধে হত্যা চেষ্টার ও মারামারির আটটি মামলা, চাঁদাবাজির চারটি মামলা, ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা, অস্ত্রের ছয়টি মামলা, হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য-সংক্রান্ত একটি করে এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

তিনি আরও জানান, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ তৎকালীন র‌্যাব-৫-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন মেরিল সুমন। ২০১৯ সালে রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান এবং চীনা কুড়ালসহ তাকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাব-১৩।

এছাড়া ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ এর ভাষ্য অনুযায়ী, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলের অপরাধজগতে সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায় করছেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসআরবি-১৩-এর কার্যালয়ে নেওয়া হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান যুব দলের কাছে বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


আফগানিস্তান যুব দলের কাছে বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ

আফগানিস্তান যুব দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৩০৫ রানের চ্যালেঞ্জ দিয়েছে। ওমানের আল আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করার পর, টাইগার যুবারা দ্বিতীয় ম্যাচে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

আফগানিস্তান যুব দল ৯ উইকেটে ৩০৪ রানের বিশাল স্কোর গড়ে। বাংলাদেশ যুবাদের ৩০০ বলের মধ্যে ৩০৫ রান করতে হবে জয়ী হতে হলে।

সোমবার টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের মধ্যে এক থেকে সাত নম্বর পর্যন্ত সবাই রান করেছেন। তাদের মধ্যে দুইজন ফিফটি করেছেন।

আবিদুল্লাহ নাদারজান ২৩ রান, ফরিদুল্লাহ ইহসাস ৫১ রান, সোবহান জাখাইল ২৭ রান, নোমান সালারজাই ৭৬ রান এবং হামজা খান ২৯ রান সংগ্রহ করেছেন। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ রান এবং আমির হামজা ১১ বলে ২১ রান করেছেন।

বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৪টি উইকেট এবং জেকে শরিফ সিয়াম ২টি উইকেট নিয়েছেন।

টার্গেট তাড়াতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান। ওপেনার আব্দুল্লাহ আল মুহি ৫০ রান করে আউট হন। অপর ওপেনার জারিফ সাইম ২২ রানে ফিরে যান।

১০১ রানে দুই ওপেনার আউট হওয়ার পর দলের হাল ধরেন আল আমিন রনি ও এহসান আল মুনির। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬.১ ওভারে ১৬৯ রান। আল আমিন ৬৩ রান এবং মুনির ২৬ রান করে ব্যাট করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দুত্ববাদী নেতা গৌরব সিংয়ের ‘মুল্লা-মুক্ত’ ভারতের ডাক, মানবাধিকার সংগঠনের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


হিন্দুত্ববাদী নেতা গৌরব সিংয়ের ‘মুল্লা-মুক্ত’ ভারতের ডাক, মানবাধিকার সংগঠনের প্রতিবাদ

একাধিক ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও হিন্দুত্ববাদী নেতা গৌরব সিং রাজপুতকে একটি জনসভায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দিতে এবং তাঁদের জনসংখ্যাগতভাবে নির্মূল করার আহ্বান জানাতে দেখা গেছে। এই ঘটনার পর মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন সামাজিক ফোরাম তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাট জেলার হস্তিনাপুরে সংঘটিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজপুত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ভারত থেকে মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণ বিলুপ্ত করার এবং সব উপায়ে ‘মুল্লা-মুক্ত’ ভারত গড়ার উসকানিমূলক বার্তা দিচ্ছেন। উল্লেখ্য, ভারতে ‘মুল্লা’ শব্দটি মুসলিমদের উদ্দেশ্যে ব্যবহৃত একটি অত্যন্ত কুরুচিকর ও বর্ণবিদ্বেষমূলক গালি, যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহৃত হয়।

আইন বিশেষজ্ঞদের মতে, রাজপুতের এই ভাষণ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ১৯৭, ২৯৯ এবং ৩৫৩ ধারার অধীনে স্পষ্ট অপরাধ হিসেবে গণ্য হয়। এই ধারাগুলি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

ভারতীয় সুপ্রিম কোর্টের ঘৃণাভাষণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা অনুসরণ করে মানবাধিকার সংগঠনগুলি ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশ ও জাতীয় সংখ্যালঘু কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা অবিলম্বে একটি প্রথমিক তথ্য রিপোর্ট (এফআইআর) দায়ের এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

গৌরব সিং রাজপুত অনলাইন জগতে ‘গৌরব রাজপুত চম্বল’ নামে পরিচিত। তিনি নিজেকে “সনাতন জাতীয়তাবাদী” বলে দাবি করেন এবং সোশ্যাল মিডিয়ায় ডানপন্থী রাজনৈতিক মন্তব্য ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন।

এটি তাঁর প্রথম বিতর্কিত ঘটনা নয়। তাঁর ডিজিটাল প্ল্যাটফর্মে অতীতে বিভেদমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য শেয়ার করার প্রমাণ পাওয়া গেছে। এর আগে পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করার কারণে তিনি বিভিন্ন মিডিয়া ওয়াচডগ এবং ফ্যাক্ট-চেকিং সংস্থার সমালোচনার মুখে পড়েছিলেন।

অধিকার কর্মীদের মতে, বারবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে এই ধরনের উসকানিমূলক ঘটনা পুনরাবৃত্তি ঘটার সুযোগ পাচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলি জানিয়েছে, হস্তিনাপুরের এই ঘটনাটি দেশে ক্রমবর্ধমান ঘৃণাভাষণের ধারাবাহিকতারই অংশ। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জনসভায় মুসলিমবিরোধী বয়কট এবং অবমাননাকর শব্দ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

রবিবার সন্ধ্যা পর্যন্ত মিরাট জেলা পুলিশের পক্ষ থেকে কোনো লিখিত বিবৃতি পাওয়া যায়নি এবং গৌরব সিং রাজপুতের বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো স্পষ্ট তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন ফেরদৌস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন ফেরদৌস মারা গেছেন

নিউইয়র্কে একজন মেধাবী নৃত্যশিল্পী, শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌস (৩৫) মারা গেছেন।

স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) ভোরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে এই নৃত্যশিল্পী তার স্বামী, সন্তান, বাবা-মা সহ অসংখ্য স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) হঠাৎ তীব্র ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। তবে সংক্রমণ দ্রুততার সাথে পুরো শরীরে ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

পেশাগত জীবনে তাহসিন ফেরদৌস নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের একজন শিক্ষক ছিলেন। পেশার পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী নৃত্যে বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ সমাদৃত ছিলেন।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরেও তিনি ব্রুকলিনের কেনসিংটনসহ স্থানীয় অভিবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে সক্রিয় ছিলেন।

মাত্র ৩৫ বছর বয়সে সম্ভাবনাময় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত মা অ্যানি ফেরদৌস ও বাবা জাফর আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণ্ডপের দেয়ালে শিল্পকর্মে বাবার আত্মত্যাগের গল্প ও কৃষকের অবদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মণ্ডপের দেয়ালে শিল্পকর্মে বাবার আত্মত্যাগের গল্প ও কৃষকের অবদান

দেয়ালজুড়ে বিভিন্ন পেশায় নিয়োজিত বাবার জীবনসংগ্রাম, আইন, ব্যবসা, চিকিৎসা, প্রকৌশল, সাধারণ চাকরি, সাংবাদিকতা- এসবের মাধ্যমে সন্তানের জন্য নিরন্তর ছুটে চলার চিত্র ফুটে উঠেছে।

যে বাবা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে নিজের সুখ বিসর্জন দেন, সন্তানের ভবিষ্যৎ গড়তে দায়িত্বের ভার নিয়ে নীরবে চলতে থাকেন, সেই বাবার ঘাম, শ্রম, ত্যাগ এবং ভালোবাসার গল্প এবারের দুর্গাপূজার মণ্ডপে উঠে এসেছে।

নরসিংদী শহরের মধ্যকান্দাপাড়ার বাঘবিতান ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের সামনে বাবার জীবনের অন্যরকম প্রতিচ্ছবি উপস্থাপন করেছে।

বাঘবিতান ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের দুর্গাপূজার থিম ‘অর্ধশতকের প্রণাম—বাবা’। কঠিন পদার্থে শিল্প প্রতিষ্ঠানের কাঠামোয় সাজানো হয়েছে মণ্ডপটি। পুরনো ধাতুর ক্ষয় এবং লোহার কাঠামোর দৃঢ়তায় নানা শিল্পকর্মের মাধ্যমে বাবার জীবনের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

পূজা সাহা নামের এক দর্শনার্থী মন্তব্য করেন, "পূজার আনন্দ উপভোগের পাশাপাশি আমরা উপলব্ধি করছি পরিবারের জন্য বাবার নীরব আত্মত্যাগ। এটা দেখে আমার চোখে জল এসে পড়েছে। সত্যিই, প্রত্যেক পরিবারে বাবারা অনেক কষ্ট করে।"

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আসা দর্শানার্থী সজল রায় বলেন, "নরসিংদীর পূজা সবসময় জাকজমক ও দৃষ্টিনন্দন হয়। পরিবারকে সঙ্গে নিয়ে পূজায় ঘুরছি আর আনন্দ করছি। শিক্ষণীয় থিমে মণ্ডপ সাজানোয় ছেলেমেয়েরা আনন্দের পাশাপাশি শিক্ষাও পাচ্ছে।"

বাঘবিতান ক্লাবের কোষাধ্যক্ষ সুদীপ্ত কুমার সাহা জানান, "প্রতিবারই আমরা থিমভিত্তিক পূজার আয়োজন করি। এবার ক্লাবের ৫০ বর্ষ উদযাপনে বেছে নেওয়া হয়েছে সংসারে বাবার আত্মত্যাগের গল্প। তিন মাস পরিশ্রম করে শ্রমিকরা তা ফুটিয়ে তুলেছেন। সন্তানরা যেন বাবাকে ভালোবাসে, সম্মান করে- এই বার্তা পৌঁছে দেওয়া চেষ্টা করছি।"

বাবার আত্মত্যাগের গল্পের পাশাপাশি এবারের দুর্গাপূজায় নরসিংদী শহরের বিভিন্ন মণ্ডপে কৃষি, পুরাণ, প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ উঠে এসেছে। কোথাও দেবী দুর্গার প্রতিমায় কৃষকের রূপ, কোথাও ভগবান বিষ্ণুর দশ অবতার, কোথাও আবার প্রাচীন মিশরীয় সভ্যতা কিংবা অযোধ্যার স্থাপত্যশৈলী।

বৈচিত্র্যময় এসব আয়োজন দেখতে প্রতিদিনই নানা বয়সী মানুষের ভিড় জমছে মণ্ডপগুলোতে। শহরের অগ্রণী সংঘ এবারের থিমে কৃষি ও কৃষকের অবদান তুলে ধরেছে। মণ্ডপে দেবী দুর্গাকে কৃষকের রূপে উপস্থাপনের পাশাপাশি টেরাকোটার মাধ্যমে বাংলাদেশের জীবন-জীবিকা ও সংস্কৃতিতে কৃষকের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে।

অগ্রণী সংঘের সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা বলেন, "আমাদের দেশ কৃষিপ্রধান। আমাদের জীবনে কৃষকের গুরুত্ব অনেক। তাই মা দুর্গাকে কৃষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এই পূজায় কৃষকের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরার চেষ্টা করেছি।"

অন্যদিকে, শহরের দেবাঙ্গন মন্দিরের মণ্ডপ সাজানো হয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতার ঘিরে। প্রতিমা, নিখুঁত শিল্পকর্ম এবং আলোকসজ্জায় পুরানের দশ অবতারকে তুলে ধরা হয়েছে। সেবা সংঘের মণ্ডপে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতা ও ফারাওদের স্থাপত্যের অনুপ্রেরণা। আর শীতলা বাড়ির মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের প্রাচীন অযোধ্যা মন্দিরের আদল।

নরসিংদীর পূজামণ্ডপে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা রাতভর পূজা দেখতে আসছেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন, আলোকসজ্জা উপভোগ এবং ছবি তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে উৎসবের ভিড়ে বাবার আত্মত্যাগ কিংবা কৃষকের অবদানের মতো বিষয়গুলো মণ্ডপের শিল্পকর্মে উঠে আসায় আয়োজনগুলো ভিন্ন মাত্রা পেয়েছে।

হবিগঞ্জ থেকে ঘুরতে আসা দর্শনার্থী পার্বতী দে বলেন, "নরসিংদীর পূজা কয়েক বছর ধরে থিম নির্ভর হয়ে উঠেছে। তাই পূজায় ঘোরার তালিকায় নরসিংদী বাদ যায় না। এবারও দৃষ্টিনন্দন সাজে পূজা হচ্ছে এখানে।"

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর নরসিংদী জেলায় মোট ৩৬৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%