ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী


তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী

তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু দেশের নয়, বিশ্বেরও সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এটি শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিষ্ঠা করতে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন। দেশের জনমিতিক লভ্যাংশ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি এসময় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারের কথা বলেন। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতে ৩ দিনের ছুটির সুযোগ

মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যবসা শুরু করার মতো আর্থিক সক্ষমতা নেই- এমন তরুণদের সিড মানি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল রাখা হয়েছে বলেও জানান।

অনুষ্ঠানে আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন এবং তরুণদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নিজেদের ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটক-ফেসবুকের একটি ভুয়া ভিডিওর জেরে সাগরে ডুবে মরল ৯০ জন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১০ পি.এম


টিকটক-ফেসবুকের একটি ভুয়া ভিডিওর জেরে সাগরে ডুবে মরল ৯০ জন!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট্ট গুজব কতটা ভয়াবহ হতে পারে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে স্পেনের উত্তর আফ্রিকার সিউটার ছিটমহলে ঘটে যাওয়া এক ঘটনায়। গত মাসে মরক্কো থেকে সাঁতরে স্পেনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে অন্তত ৯০ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই প্রাণঘাতী সংকটের পেছনে মূল কারণ হিসেবে রয়েছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া একটি ভুয়া খবর।

গুজবটি ছিল যে, সমুদ্রপথে সাঁতরে সিউটায় পৌঁছালে স্পেন সরকার নিয়ম শিথিল করে সকলকে থাকার অনুমতি দেবে। গত ৩০ জুলাইয়ের গণ-অনুপ্রবেশের দুদিন আগে, স্থানীয় পত্রিকা ‘এল ফারো ডি সিউটা’ ভেজা পোশাকে দুই তরুণীর হাসিমুখের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটি আরবি ভাষায় ছিল এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ার পর অভিবাসীরা ধরে নেন যে, সাঁতরে স্পেনে ঢুকে বাধাহীনভাবে ঘোরাফেরা করা তাদের জন্য খুবই সহজ হবে।

স্পেনের সুপ্রিম কোর্টের একটি পুরোনো রায়কে বিকৃত করে এই গুজব ছড়ানো হয়েছিল। রায়ে উল্লেখ করা হয়েছিল, সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি বিতাড়িত না করে আইনি পর্যালোচনার সুযোগ দিতে হবে। কিন্তু এই বিষয়টিকে ‘স্থায়ীভাবে থাকার অধিকার’ হিসেবে প্রচার করা হয়। বিশেষজ্ঞ জর্গেন কার্লিংয়ের মতে, আদালতের এই আংশিক সত্যতাই গুজবটিকে মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে।

মানবপাচারকারী চক্রগুলো এই সুযোগ কাজে লাগিয়ে অভিবাসীদের আকৃষ্ট করতে নামল। ‘দ্য পাথ টু সিউটা’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাঁতারের ইমোজি দিয়ে ম্যাপ এবং বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছিল। মরক্কোর এক মানবাধিকার কর্মকর্তার ১৩ লাখ অনুসারীর অ্যাকাউন্টসহ অন্তত ২১৫টি ফেসবুক পেজ থেকে একই ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে।

ইনস্টাগ্রামের এসব ভিডিও দেখেই ১২ কিলোমিটার সাঁতরে সিউটায় পৌঁছান আশরাফ বেন আহমেদ। তিনবার ব্যর্থ হওয়া এই তরুণ বলেন, ‘ভিডিওতে বলা হয়েছিল, তারা সাহায্য করবে, ফেরত পাঠাবে না।’

এদিকে, মেটা জানিয়েছে, তারা ভুয়া পোস্টগুলো মুছে ফেলছে। তবে গবেষকরা বলেছেন, এখনো সক্রিয় থাকা অনেক পেজ এখনও নিখোঁজদের আত্মীয়-স্বজনরা তাদের আপনজনদের খুঁজে বের করতে ব্যবহার করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানামা খালে লাইন ভাঙতে এক জাহাজেরই খরচ হলো ৪০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১২ পি.এম


পানামা খালে লাইন ভাঙতে এক জাহাজেরই খরচ হলো ৪০ লাখ ডলার

ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের প্রধান দুটি ট্রানজিট পয়েন্ট—হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালকে বিকল্প রুট হিসেবে বেছে নিচ্ছেন তেল, গ্যাস ও রাসায়নিকের ক্রেতা-বিক্রেতারা। এর ফলে সেখানে তৈরি হয়েছে তীব্র যানজট।

আর এই দীর্ঘ লাইন এড়িয়ে আগে যাওয়ার জন্য একটি কনটেইনার জাহাজ নিলামে ৪০ লাখ ডলার পরিশোধ করেছে!

গোপনীয় তথ্যের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, প্রায় রেকর্ড পরিমাণ এই অর্থ দিয়েছে ‘সিসপ্যান বেনিফ্যাক্টর’ নামের একটি জাহাজের মালিকপক্ষ। সাধারণত নির্দিষ্ট ফি দিয়ে সিরিয়াল বুক করে খাল পার হতে হয়। তবে কর্তৃপক্ষ লাইন এড়ানোর জন্য নিলাম প্রক্রিয়ারও সুযোগ দেয়। গত সোমবার, সিসপ্যান বেনিফ্যাক্টর ৪০ লাখ ডলার দিয়ে যে লাইন কেটেছে, তা গত এক সপ্তাহের গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।

ব্লুমবার্গের ডেটা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে আসা জাহাজটি মঙ্গলবার খালের প্রশান্ত মহাসাগরীয় অংশে উত্তর দিকে যাওয়ার অপেক্ষায় ছিল।

তবে টাকা দেওয়ার বিষয়ে সিসপ্যান কোনো মন্তব্য করেনি।

যানজটের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত তেল ও সার বহনকারী নিওপ্যানাম্যাক্স আকারের বড় জাহাজগুলোকে বুকিং ছাড়া খাল পার হতে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। মে মাসের পর প্রশান্ত থেকে আটলান্টিকমুখী ট্রানজিটে এটা সর্বোচ্চ অপেক্ষার সময়।

নির্দিষ্ট নিলামটি নিয়ে মন্তব্য না করলেও খাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের বাড়তি চাপে নিলামের দর ১০ লাখ ডলার ছাড়িয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও জটিল করেছে এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাত। পাশাপাশি, সেপ্টেম্বর পর্যন্ত চলা রক্ষণাবেক্ষণ কাজের কারণে বড় জাহাজ চলাচলের ড্রাফট বা পানির স্তরও কমিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

টাটা গ্রুপের মূল হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সনস-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এন চন্দ্রশেখরন। এনডিটিভি প্রফিটের একটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানানোর বিষয়টি প্রকাশিত হয়েছে।

আগামী ১৮ আগস্ট টাটা সনস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই এন চন্দ্রশেখরনের আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যবসাপ্রতিষ্ঠানটিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে।

সূত্র জানিয়েছে, তিনি নতুন করে এই পদে পুনর্বহালের প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্তও নিতে পারেন। নির্ধারিত মেয়াদের আগে তার চেয়ারম্যান পদ ছাড়ার এই সিদ্ধান্ত টাটা গ্রুপে অপ্রত্যাশিত নেতা সংকট সৃষ্টি করেছে। শেয়ারহোল্ডারদের মধ্যে চলতে থাকা অভ্যন্তরীণ টানাপোড়েনের ফলস্বরূপই এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করায় হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়

ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবারের ছবি তোলা ও তা গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে দাবি করেন তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ। এ সংক্রান্ত একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে  ওবায়দুল কাদের ও অন্য ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের উপস্থাপনের দিনে কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে উপস্থাপিত ওবায়দুল কাদের ও হারুন অর রশীদের কথোপকথনের প্রতিলিপিতে হারুনকে বলতে শোনা যায়, সমন্বয়কদের খাওয়ানোর সিদ্ধান্ত তার নিজের ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি প্রধানের নির্দেশেই খাবারের ব্যবস্থা করা এবং ছবি তোলা হয়েছিল বলে তিনি দাবি করেন।

কথোপকথনে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, খাওয়ানোর পর ছবি তুলে বাইরে প্রকাশ করতে বলা হয়েছিল কি না। জবাবে হারুন বলেন, ছবি তোলা এবং সংবাদে প্রকাশের জন্য তা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল। এ বিষয়ে তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলামের সঙ্গে কথা বলার কথাও বলেন তিনি।

হারুন আরও বলেন, তিনি যা করেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির নির্দেশেই করেছেন। এর বাইরে তিনি একবিন্দুও কিছু করেননি। এ বিষয়ে প্রমাণ নেওয়ার জন্যও ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন তিনি।

কথোপকথনের একপর্যায়ে হারুন অভিযোগ করেন, এ ঘটনায় তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, তার অপরাধ কী।

এদিকে, ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আরেকটি অডিও কলের প্রতিলিপিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সেখানে হারুনকে সরিয়ে দেওয়া নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হারুনকে ডিএমপির মধ্যেই রাখা হবে, তবে তার দায়িত্ব পরিবর্তন করা হবে। তিনি জানান, হারুনকে অন্য কোথাও দেওয়ার কথা থাকলেও ডিএমপিতেই রেখে শুধু ডিবির দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ওবায়দুল কাদের এ সিদ্ধান্তে পুলিশের মধ্যে প্রতিক্রিয়া ও বাহিনীর মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কার কথা বলেন। জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশের মধ্যে প্রতিক্রিয়া হওয়ার কথা স্বীকার করেন।

কথোপকথনে আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, প্রধানমন্ত্রী হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়ার পর তিনি তার দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তাকে সাত দিন ধরে বিষয়টি করতে বলা হচ্ছিল বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের তখন বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দেন এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাতে বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই হারুনের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%