ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পানামা খালে লাইন ভাঙতে এক জাহাজেরই খরচ হলো ৪০ লাখ ডলার


পানামা খালে লাইন ভাঙতে এক জাহাজেরই খরচ হলো ৪০ লাখ ডলার

ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের প্রধান দুটি ট্রানজিট পয়েন্ট—হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালকে বিকল্প রুট হিসেবে বেছে নিচ্ছেন তেল, গ্যাস ও রাসায়নিকের ক্রেতা-বিক্রেতারা। এর ফলে সেখানে তৈরি হয়েছে তীব্র যানজট।

আর এই দীর্ঘ লাইন এড়িয়ে আগে যাওয়ার জন্য একটি কনটেইনার জাহাজ নিলামে ৪০ লাখ ডলার পরিশোধ করেছে!

গোপনীয় তথ্যের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, প্রায় রেকর্ড পরিমাণ এই অর্থ দিয়েছে ‘সিসপ্যান বেনিফ্যাক্টর’ নামের একটি জাহাজের মালিকপক্ষ। সাধারণত নির্দিষ্ট ফি দিয়ে সিরিয়াল বুক করে খাল পার হতে হয়। তবে কর্তৃপক্ষ লাইন এড়ানোর জন্য নিলাম প্রক্রিয়ারও সুযোগ দেয়। গত সোমবার, সিসপ্যান বেনিফ্যাক্টর ৪০ লাখ ডলার দিয়ে যে লাইন কেটেছে, তা গত এক সপ্তাহের গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

ব্লুমবার্গের ডেটা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে আসা জাহাজটি মঙ্গলবার খালের প্রশান্ত মহাসাগরীয় অংশে উত্তর দিকে যাওয়ার অপেক্ষায় ছিল।

তবে টাকা দেওয়ার বিষয়ে সিসপ্যান কোনো মন্তব্য করেনি।

যানজটের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত তেল ও সার বহনকারী নিওপ্যানাম্যাক্স আকারের বড় জাহাজগুলোকে বুকিং ছাড়া খাল পার হতে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। মে মাসের পর প্রশান্ত থেকে আটলান্টিকমুখী ট্রানজিটে এটা সর্বোচ্চ অপেক্ষার সময়।

নির্দিষ্ট নিলামটি নিয়ে মন্তব্য না করলেও খাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের বাড়তি চাপে নিলামের দর ১০ লাখ ডলার ছাড়িয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও জটিল করেছে এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাত। পাশাপাশি, সেপ্টেম্বর পর্যন্ত চলা রক্ষণাবেক্ষণ কাজের কারণে বড় জাহাজ চলাচলের ড্রাফট বা পানির স্তরও কমিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

টাটা গ্রুপের মূল হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সনস-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এন চন্দ্রশেখরন। এনডিটিভি প্রফিটের একটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানানোর বিষয়টি প্রকাশিত হয়েছে।

আগামী ১৮ আগস্ট টাটা সনস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই এন চন্দ্রশেখরনের আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যবসাপ্রতিষ্ঠানটিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে।

সূত্র জানিয়েছে, তিনি নতুন করে এই পদে পুনর্বহালের প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্তও নিতে পারেন। নির্ধারিত মেয়াদের আগে তার চেয়ারম্যান পদ ছাড়ার এই সিদ্ধান্ত টাটা গ্রুপে অপ্রত্যাশিত নেতা সংকট সৃষ্টি করেছে। শেয়ারহোল্ডারদের মধ্যে চলতে থাকা অভ্যন্তরীণ টানাপোড়েনের ফলস্বরূপই এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করায় হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়

ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবারের ছবি তোলা ও তা গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে দাবি করেন তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ। এ সংক্রান্ত একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে  ওবায়দুল কাদের ও অন্য ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের উপস্থাপনের দিনে কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে উপস্থাপিত ওবায়দুল কাদের ও হারুন অর রশীদের কথোপকথনের প্রতিলিপিতে হারুনকে বলতে শোনা যায়, সমন্বয়কদের খাওয়ানোর সিদ্ধান্ত তার নিজের ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি প্রধানের নির্দেশেই খাবারের ব্যবস্থা করা এবং ছবি তোলা হয়েছিল বলে তিনি দাবি করেন।

কথোপকথনে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, খাওয়ানোর পর ছবি তুলে বাইরে প্রকাশ করতে বলা হয়েছিল কি না। জবাবে হারুন বলেন, ছবি তোলা এবং সংবাদে প্রকাশের জন্য তা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল। এ বিষয়ে তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলামের সঙ্গে কথা বলার কথাও বলেন তিনি।

হারুন আরও বলেন, তিনি যা করেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির নির্দেশেই করেছেন। এর বাইরে তিনি একবিন্দুও কিছু করেননি। এ বিষয়ে প্রমাণ নেওয়ার জন্যও ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন তিনি।

কথোপকথনের একপর্যায়ে হারুন অভিযোগ করেন, এ ঘটনায় তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, তার অপরাধ কী।

এদিকে, ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আরেকটি অডিও কলের প্রতিলিপিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সেখানে হারুনকে সরিয়ে দেওয়া নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হারুনকে ডিএমপির মধ্যেই রাখা হবে, তবে তার দায়িত্ব পরিবর্তন করা হবে। তিনি জানান, হারুনকে অন্য কোথাও দেওয়ার কথা থাকলেও ডিএমপিতেই রেখে শুধু ডিবির দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ওবায়দুল কাদের এ সিদ্ধান্তে পুলিশের মধ্যে প্রতিক্রিয়া ও বাহিনীর মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কার কথা বলেন। জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশের মধ্যে প্রতিক্রিয়া হওয়ার কথা স্বীকার করেন।

কথোপকথনে আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, প্রধানমন্ত্রী হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়ার পর তিনি তার দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তাকে সাত দিন ধরে বিষয়টি করতে বলা হচ্ছিল বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের তখন বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দেন এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাতে বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই হারুনের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডারউইনের উইকেটে কি অস্ট্রেলিয়াকে চমকে দিতে পারবে বাংলাদেশ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


ডারউইনের উইকেটে কি অস্ট্রেলিয়াকে চমকে দিতে পারবে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হলো সাধারণত গতি ও বাউন্স সামলানো। কিন্তু ডারউইনের মারারা স্টেডিয়ামে সেই চ্যালেঞ্জ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন আশাবাদ জানাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে কিউরেটর জ্যাক পাভলিচ বলেছেন, উইকেটটি ব্যাটার এবং বোলার উভয় পক্ষকেই সহায়তা করবে।

পাভলিচের মতে, মারারার উইকেটে রান করার যথেষ্ট সুযোগ থাকবে। একইভাবে, সঠিক জায়গায় বল করতে পারলে বোলাররাও সহায়তা পাবেন। ফলস্বরূপ, গ্যাবা অথবা পার্থের মতো অতিরিক্ত বাউন্সের মুখোমুখি নাও হতে পারে বাংলাদেশের ব্যাটাররা।

ডারউইনের তীব্র রোদও বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে। ম্যাচের গতির সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে উইকেট স্পিনারদের সহায়তার কিছুটা সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে ম্যাচের শুরুতে বাংলাদেশের মূল ভরসা থাকবে পেসারদের উপর। চোটের কারণে নাহিদ রানা নেই এবং প্রথম টেস্টে শরীফুল ইসলামও খেলছেন না। এর ফলে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের উপর নতুন বলের দায়িত্ব থাকবে।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন ট্রাভিস হেড। তার আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। তার সঙ্গে মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথের মতো অভিজ্ঞ ব্যাটারও রয়েছেন। তাদের থামানোর জন্য বাংলাদেশের বোলারদের শুরু থেকেই নিখুঁত হতে হবে।

অন্যদিকে বাংলাদেশের ব্যাটারদের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের বিপক্ষে নতুন বল সামলাক, ভালো শুরু করাই হতে পারে ম্যাচে টিকে থাকার প্রধান চাবিকাঠি।

বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার জানিয়েছেন, দল মানসিকভাবে প্রস্তুত এবং মাঠে লড়াই করতে আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ম্যাচের একদিন আগে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে এবং একাদশে ফিরেছেন ক্যামেরন গ্রিনও।

অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন এবং জশ হ্যাজারউড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে পাহাড় ধসে নিহত ৫, নিখোঁজ আরও অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


মুম্বাইয়ে পাহাড় ধসে নিহত ৫, নিখোঁজ আরও অনেকে

মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার সময় ঘাটকোপারের চিরাগ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাহাড়ির ঢালের একটি অংশ আচমকা ভেঙে পড়ার ফলে নিচে থাকা দুই-তিনটি ঘরবাড়ির ওপর আছড়ে পড়ে। এই ঘটনার পর উদ্ধারকারী দল আশঙ্কা করছে যে ধ্বংসস্তূপের নিচে আরো চার থেকে পাঁচজন আটকে থাকতে পারেন।

ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং জাতীয় দুর্যোগ সাড়াদানকারী দল (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। জীবিত মানুষদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য উদ্ধারকারীরা বিশেষ ভিকটিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন। দুর্ঘটনায় সোহেল আনসারী ও মোহাম্মদ আনসারী নামে দুই তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে।

খবর পেয়ে, পরিস্থিতি খতিয়ে দেখতে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার অবিনাশ ঢাকনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য জেলা কালেক্টর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার গণেশ শিন্ডে জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%