ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ইলিশ রক্ষায় যমুনায় অভিযান, ১২লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


ইলিশ রক্ষায় যমুনায় অভিযান, ১২লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার উদ্দেশ্যে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এ সময় প্রায় ৩ কেজি ইলিশ মাছ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রকিবুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন। এ সময় সিনিয়র ক্ষেত্র সহকারী মো: শফিকুল ইসলামসহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন: নোটিশ উপেক্ষা, শেষ পর্যন্ত ভাঙল ইনানীর চারতলা রিসোর্ট ভবন

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রকিবুল ইসলাম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ আহরণ বন্ধে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া একটি ঘটনায়, জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, ‘আজ ভোরে রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর ওপর এ ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।’

জামায়াত নেতা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আইপিএলের অন্যতম সফল দলটি এক বিবৃতিতে পোলার্ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন। এর এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত। এমআই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ। এই দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। এই সময়ে ১৮৯ ম্যাচে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। তার সময়ে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ২০২২ মৌসুমের পর মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পোলার্ড বলেন, ‘একজন খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং নীল-সোনালি জার্সি পরে খেলার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং সমর্থকদের উদ্‌যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’

সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করেছে দলটি। নতুন প্রধান কোচের অধীনে আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ফিরিয়ে আনতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পোলার্ডের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে সে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দলের সঙ্গে ভাগ করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে প্রধান কোচের নতুন দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। পলি জানে, এমআইয়ের জার্সি পরার অর্থ কী এবং দলের হয়ে খেলতে কী প্রয়োজন। আমি আত্মবিশ্বাসী, এই দায়িত্বেও সে একই রকম নিষ্ঠা, বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবে। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে জানাই শুভকামনা।’

খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে বড় অবদান রাখার পর এবার কোচ হিসেবে দলকে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ পোলার্ডের সামনে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের মধ্যে লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে।

নতুন সরকার গঠিত হলে পশ্চিম তীরে কোনো ‘নাটকীয় পরিবর্তন’ আসবে না বলে মনে করেন সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া হয়তো এরই মধ্যে কঠিন হয়ে পড়েছে। আলজাজিরাকে পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর সরকার ‘তারা কতটা কঠোর, তা প্রমাণের চেষ্টা করছে’ বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এসব ব্যক্তি আগামী সরকারে থাকবেন না এমন সম্ভাবনাই বেশি। ফলে এই মুহূর্তে পশ্চিম তীর নিয়ে বর্তমান সরকারের নীতির আলোচনা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে।

নতুন সরকার গঠিত হলেও পশ্চিম তীরে ইসরাইলের নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ আসবে বলে মনে করেন না পিঙ্কাস। তার মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও পুলিশের মাধ্যমে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগও দেখা যেতে পারে।

তবে ফিলিস্তিনিদের বিষয়ে নতুন সরকার বড় ধরনের নীতিগত পরিবর্তন আনবে এমনটি ভাবা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

রাজধানীতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮, লালবাগ বিভাগ থেকে ৪৭, ওয়ারী বিভাগ থেকে ৮৭, মতিঝিল বিভাগ থেকে ৭৮, তেজগাঁও বিভাগ থেকে ১১০, মিরপুর বিভাগ থেকে ২০৬, গুলশান বিভাগ থেকে ৭৮, উত্তরা বিভাগ থেকে ৩২, এসআরইউ বিভাগ থেকে ৪ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন রয়েছেন।

অভিযানের সময় ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়েছে।

আকতার হোসেন জানান, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%