১২:১৯ পি.এম
মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার সময় ঘাটকোপারের চিরাগ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পাহাড়ির ঢালের একটি অংশ আচমকা ভেঙে পড়ার ফলে নিচে থাকা দুই-তিনটি ঘরবাড়ির ওপর আছড়ে পড়ে। এই ঘটনার পর উদ্ধারকারী দল আশঙ্কা করছে যে ধ্বংসস্তূপের নিচে আরো চার থেকে পাঁচজন আটকে থাকতে পারেন।
ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং জাতীয় দুর্যোগ সাড়াদানকারী দল (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। জীবিত মানুষদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য উদ্ধারকারীরা বিশেষ ভিকটিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন। দুর্ঘটনায় সোহেল আনসারী ও মোহাম্মদ আনসারী নামে দুই তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ৩৬ ফিলিস্তিনি গ্রেপ্তার
খবর পেয়ে, পরিস্থিতি খতিয়ে দেখতে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার অবিনাশ ঢাকনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য জেলা কালেক্টর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার গণেশ শিন্ডে জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন