০১:৩৪ এম
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি ইটভাটায় কর্মরত শ্রমিকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: দেবহাটায় গণপিটুনিতে যুবক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পুলিশ জানায়, হামলায় আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। অপর আহত শ্রমিককে অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদারের নির্দেশও দিয়েছেন।
তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীর পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান শুরু করেছে। আহত শ্রমিকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এ হামলার নিন্দা জানিয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলও। পিপলস কনফারেন্স এক বিবৃতিতে নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলাকে মানবতা ও শান্তির পরিপন্থী বলে উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত শ্রমিকের দ্রুত সুস্থতা কামনা করেছে।
আরও পড়ুন: ইতিহাস শিক্ষা দিতে নীতিনির্ধারকদের প্রশিক্ষণ দিল ইউনেস্কো
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি হামলাকে ‘অকল্পনীয় নিষ্ঠুরতা’ আখ্যা দিয়ে বলেন, জীবিকার সন্ধানে দূর রাজ্য থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারিও এ ঘটনাকে মর্মান্তিক ও অমানবিক উল্লেখ করে হামলার নিন্দা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন