০১:৫৩ পি.এম
কুয়েতে অনুষ্ঠিত কিংস প্রিমিয়ার লিগের (কেপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি প্রবাসীদের দল জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব। ফাইনালে ভারতীয় প্রবাসীদের দল এশিয়ান ব্রাদার্সকে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করে দলটি।
শুক্রবার (১৬ অক্টোবর) কুয়েতের সোলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রবাসীদের দ্বারা পরিচালিত এই বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসীদের ১২টি দল অংশগ্রহণ করে। ছয় মাসের প্রতিযোগিতামূলক লড়াই শেষে ফাইনালে উঠে আসে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব ও এশিয়ান ব্রাদার্স।
ফাইনালে টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবের অধিনায়ক মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে এশিয়ান ব্রাদার্স। জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবের জয়ের জন্য লক্ষ্য ছিল ১২৫ রান।
আরও পড়ুন: টানা আট ম্যাচ বেঞ্চে সূর্যবংশী, বললেন ভারতীয় অধিনায়ক
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশি দল। মাত্র ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা জয়লাভের লক্ষ্যে পৌঁছে যায়। ৭ উইকেটের বড় ব্যবধানে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন রাজু আহমেদ।
মোয়াজ্জেম হোসেন মন্তব্য করেন, কিংস প্রিমিয়ার লিগ ভারতীয় প্রবাসীদের পরিচালনায় আয়োজিত হলেও এতে বিভিন্ন দেশের প্রবাসী দল অংশগ্রহণ করে। বাংলাদেশি দল হিসেবে তারা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিনি আরও বলেন, ‘এই বিজয় শুধু আমাদের ক্লাবের নয়, কুয়েতের মাটিতে এটি প্রিয় লাল-সবুজের বিজয়।’
আরও পড়ুন: বিপিএলে দল কিনতে আগ্রহী পিএসএলের লাহোর মালিক সামিন রানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন