মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:৩৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে।
এ সময় নেতারা দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
এনসিপি নেতা আখতার হোসেন সাফ জানিয়ে দেন যে, সরকারের পক্ষ থেকে প্রশাসকের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি জাপান সফরে চুক্তির নামে ভারতকে সুবিধা দেয়ার পদক্ষেপ নেয়ার আগে সতর্ক হওয়ার বিষয়েও হুঁশিয়ারি দেন।
হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন।
এনসিপির চাঁদাবাজি প্রসঙ্গে অবস্থান তুলে ধরে তিনি বলেন, "জনগণ বিনা পয়সায় ভোট দেবে, এনসিপি বিনা পয়সায় সেবা দেবে।"
এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মোহাম্মদপুরকে ছিনতাই, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার করেন। নাগরিক সমস্যা সমাধানে তাকে ঢাকা সিটির মেয়র করার আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ সকালে মামলার চার গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল এবং মোহাইমিনুল ইসলাম মানিক।
প্রসিকিউটর মঈনুল করিম ট্রাইব্যুনালকে জানান, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট আসামির সংখ্যা ৩৮ জন। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। বাকি ৩৪ জনকে আত্মসমর্পণের জন্য গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আজ আসামিদের হাজিরার জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তারা আত্মসমর্পণ করেননি। ফলে তাদের পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের আবেদন জানান তিনি। এছাড়া আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চান।
পরবর্তীতে খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। পাশাপাশি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
লিটন ছাড়া পলাতক অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামী মুখে এক কথা বললেও বাস্তবে ধর্ষণ, মাদক কারবার ও চাঁদাবাজিতে দলটি চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এমপি খোকন তালুকদার বলেন, “জামায়াত মুখে বলে, তারা চাঁদাবাজি, মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধর্ষণ, মাদক কারবার ও চাঁদাবাজিতে জামায়াত চ্যাম্পিয়ন।”
তিনি আরও বলেন, আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। দলটি কখনো ক্ষমতায় এলে দেশের মা-বোনেরা সম্মান নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।
জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শাওন বল
মাদারীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে মৎস্য আহরণবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ৬ লাখ মিটার অবৈধ জাল এবং ৬ টন মা ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
গত ২৬ অক্টোবর দুপুর ১টা থেকে ২৭ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে এই দীর্ঘ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ এবং অংশ নেয় বাংলাদেশ কোস্ট গার্ড ভাটিয়ারী শাখা।
অভিযানের বিস্তারিত:
অভিযানকালে আনুমানিক ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ সময় ৬ মেট্রিক টন (৬,০০০ কেজি) মা ইলিশ এবং ২০০ কেজি অন্যান্য সামুদ্রিক মাছ আটক করা হয়।
আইনগত ব্যবস্থা ও বিতরণ:
জাল ধ্বংস: জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জরিমানা: সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
মাছ বিতরণ: জব্দ করা তাজা মাছ নিয়ম অনুযায়ী এলাকার বিভিন্ন এতিমখানা, হতদরিদ্র পরিবার ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করা, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের এমন কঠোর যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি মো. ইয়াসিন খানকে (কালা ইয়াসিন) গ্রেপ্তার করেছে এসআরবি -৮, বরিশাল। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন খান তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ ওরফে সোমেদ খানের ছেলে। গ্রেপ্তারকৃত ইয়াসিন খাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ইয়াসিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা (জিআর মামলা নং- ১৪/২৬ ও ২৪৭/২৬, ধারা- ৩৯৫/৩৯৭) রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশল অবলম্বন করে নিজ বাড়ির এলাকা থেকেই তাকে আটক করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ