প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ সকালে মামলার চার গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল এবং মোহাইমিনুল ইসলাম মানিক।
প্রসিকিউটর মঈনুল করিম ট্রাইব্যুনালকে জানান, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট আসামির সংখ্যা ৩৮ জন। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। বাকি ৩৪ জনকে আত্মসমর্পণের জন্য গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আজ আসামিদের হাজিরার জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তারা আত্মসমর্পণ করেননি। ফলে তাদের পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের আবেদন জানান তিনি। এছাড়া আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চান।
পরবর্তীতে খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। পাশাপাশি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
লিটন ছাড়া পলাতক অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন