০৪:৫১ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফেসবুকে পোলাওয়ের চাল, মাল্টা, ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে একটি পোস্ট প্রকাশ করেছেন।
তিনি দাবি করেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, আবারও অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে -এ নাহিদ ইসলাম এসব কথা জানান।
আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, দুই মাস ধরে প্রতি কেজি মাল্টা ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ আমদানির নথি অনুযায়ী, প্রতি কেজি মাল্টার ক্রয়মূল্য ৮৭ টাকা। আমদানি শুল্ক, পরিবহন খরচ ও মুনাফা যোগ করেও প্রতি কেজির সর্বোচ্চ খরচ ২১০ টাকা হওয়ার কথা। সে অনুযায়ী, খুচরা বাজারে মাল্টার দাম ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয়।
মাল্টার দাম বৃদ্ধির পেছনে সরবরাহ–সংকটের কথা বলা হলেও আমদানির তথ্য তা সমর্থন করে না, লেখেন নাহিদ ইসলাম। তার দেওয়া তথ্যে দেখা যায়, গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে অন্তত ২২ শতাংশ বেশি মাল্টা আমদানি হয়েছে। এরপরও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গত দুই মাসে জনগণের কাছ থেকে অসাধু সিন্ডিকেট কয়েক শ কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।
নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেছেন, ১২০ টাকার পোলাওয়ের চাল বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পোলাওয়ের চাল থেকেই গত তিন মাসে আনুমানিক দেড় হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি ডজন ডিমের গড় দাম ছিল ১২০ টাকা, বর্তমানে তা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান নাহিদ। তার মতে, মুরগির খাবারের দাম বৃদ্ধির যুক্তি দেখানো হলেও সেই বৃদ্ধির প্রভাব বিবেচনায় প্রতিটি ডিমের দাম প্রায় এক টাকা বাড়ার কথা, কিন্তু তা বেড়েছে পাঁচ টাকা।
আরও পড়ুন: ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের পরিকল্পনা করছে ইসি: সিইসি
১২ কেজি সিলিন্ডারের দাম কয়েক দফা বাড়ানোর পরও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত এক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে জানান এনসিপির এই নেতা। তিনি প্রশ্ন তোলেন, আমদানি পর্যাপ্ত হলে প্রতিদিন অতিরিক্ত কোটি কোটি টাকা কাদের পকেটে যাচ্ছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী আমলের মতো দেশ আবার সিন্ডিকেটের কবলে পড়েছে। তিনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন