০৪:৫১ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মস্থলে যোগদান না করার কারণে এবং শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর অব্যাহতির আবেদনের প্রেক্ষিতে ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়।
শূন্য ঘোষিত পদগুলোতে থাকা শিক্ষকরা হলেন– পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান।
আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগদান না করার কারণে এবং অব্যাহতির আবেদন করার প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১১তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উক্ত শিক্ষকদের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ (যদি প্রযোজ্য হয়) আদায়ের প্রক্রিয়া চলমান থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর তারা ফিরে আসেননি এবং অব্যাহতির আবেদন করেছেন। এই কারণে সিন্ডিকেটে পদ শূন্যের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তাদের এখনও অব্যাহতি দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের যে পাওনা রয়েছে, সেগুলোর লেনদেন সম্পন্ন করার জন্য তাদের চিঠি প্রদান করা হচ্ছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের অব্যাহতি দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন