০৪:২৪ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার সময় তাকে ‘চুপ’ থাকার নির্দেশ দেন। এ সময় তিনি সাংবাদিকের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন, যা তার ক্ষোভের প্রকাশ ছিল।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় দ্য ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গ ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন এবং সেখানে নতুন গলফ কোর্স নির্মাণ সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। ফেইনবার্গ প্রশ্নের শুরুতে বলেন, ‘গলফ কোর্স নিয়ে, আপনার তো অনেক গলফ কোর্স।’
ট্রাম্প তখন তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন।’ কিন্তু যখন ফেইনবার্গ আরো কিছু বলার চেষ্টা করেন, ট্রাম্প তাকে বলেন, ‘চুপ, চুপ।’ এ সময় ট্রাম্পের আচরণ উত্তেজিত মনে হচ্ছিল।
আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে
এরপর ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’ ফেইনবার্গের জবাব ছিল, ‘আমার জানা নেই, স্যার।’
পরে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ফেইনবার্গ জানান, সম্প্রতি তার নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তা ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, ‘আমি আমার কাজ করছিলাম, আগামীকালও ফিরে আসব।’
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্প ও ফেইনবার্গের কথোপকথনের ভিডিও শেয়ার করেন। তিনি পোস্টে ফেইনবার্গকে ‘নির্বোধ সাংবাদিক’ আখ্যা দিয়ে উল্লেখ করেন যে, ট্রাম্প তাকে ওভাল অফিসে তার আচরণের জন্য কঠোরভাবে ভর্ৎসনা করেছেন।
ভ্যান্সের পোস্টের জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমাকে অপমান করতে চাইলে অন্তত আমার অ্যাকাউন্ট ট্যাগ করার সাহস রাখুন।’
আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন
প্রসঙ্গত, দুই মেয়াদে ট্রাম্পের সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক ছিল সংঘাতপূর্ণ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি প্রায়ই তাদের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
গত বছরের নভেম্বরে এয়ার ফোর্স ওয়ানে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ‘চুপ করো, শূকরছানা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন