ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার


নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক যুবদল নেতা মো. মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা। তিনি বলেন, মাদকসহ গ্রেপ্তারের ঘটনার পর দিন শনিবার রাতে মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়।  এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নতুন সময়সীমা ২৪ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নতুন সময়সীমা ২৪ ডিসেম্বর

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করেছে। পরীক্ষার গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশের সকল কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সম্প্রতি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা চিঠিতে বার্ষিক পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফল প্রকাশের সকল কার্যক্রম ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এই নির্দেশনার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে।

এদিকে, নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দফতরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে দুই দিনে ৩২ লাখ টাকার পণ্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


শাহজালালে দুই দিনে ৩২ লাখ টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই দিনের পৃথক অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকার বিভিন্ন পণ্য আটক করেছে। আটককৃত পণ্যের মধ্যে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার অন্তর্ভুক্ত রয়েছে।

এই অভিযানগুলো ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্রে জানা যায়, ৬ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে উপস্থিত হন সংস্থার কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ তল্লাশি করা হয় এবং সেখানে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য রয়েছে। একই বছরে আবারও ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়।

অন্যদিকে, ৭ নভেম্বর কাতার থেকে আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, যাত্রীদের ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা হিসেবে চিহ্নিত হচ্ছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ রোধে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জেলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় আইডিইবি জেলা শাখার উদ্যোগে শহরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং প্রকৌশলী আব্দুল আউয়াল।

আইডিইবি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ জি এন ভট্টাচার্য, চাকরিবিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এইচএইচ পলিটেকনিক ইনস্টিটিউট, পুনর্ভবা, অ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা ও উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা এ র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর নির্দেশে ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর নির্দেশে ৩ জন গ্রেফতার

সুন্দরবনে বিষ ব্যবহার করে মাছ শিকার এবং বন বিভাগের কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। একই ঘটনায় বিষ সরবরাহের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের তাৎক্ষণিক নির্দেশনার পর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। রোববার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে পুলিশ কর্তৃক।

গত ৩ নভেম্বর সুন্দরবনের ঢাংমারি এলাকায় নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল কয়েকজন। বন বিভাগের কর্মীরা তাদের ধাওয়া করার সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনার একপর্যায়ে আত্মরক্ষায় সরে আসতে বাধ্য হন বন বিভাগের কর্মীরা।

পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সম্পর্কে অবগত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার এবং মামলা দায়েরের নির্দেশ দেন। পরে পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেন।

এরপর শনিবার (৭ নভেম্বর) মোংলা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনে বিষ সরবরাহকারী মো. সেলিম মিয়াকেও আটক করা হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘শনিবার দিনভর অভিযান চালিয়ে মোংলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সকলকে সতর্ক করা হচ্ছে। সুন্দরবনে এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%