১২:০২ পি.এম
বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছে না। আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার উঠে এসেছে ফ্রান্স এবং মরক্কোর কোয়ার্টার ফাইনালের রেফারি প্যানেল নিয়ে আলোচনা। ফ্রান্স ও মরক্কো ম্যাচের জন্য পাঁচজন আর্জেন্টাইন ম্যাচ কর্মকর্তাকে দায়িত্ব দেয়ায় সামাজিক মাধ্যমে অনেক ফুটবল সমর্থক প্রশ্ন তুলেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে ফিফা আসন্ন ফ্রান্স–মরক্কো ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। এরপর থেকেই এক্স (সাবেক টুইটার) জুড়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারিদের তালিকা এবং নতুন তালিকার সঙ্গে তুলনা করে বিতর্কের ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন।
এছাড়া, এর আগে আর্জেন্টিনা এবং মিশরের শেষ ষোলোর ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। তার সঙ্গে ছিলেন দুই সহকারী রেফারি সাইরিল মুগনিয়ের ও মেহদি রাহমুনিও, যারা ফরাসি। সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। তবে মিশর অভিযোগ করেছে, একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে এবং রেফারির ভূমিকা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এ বিষয়ে তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে।
আরও পড়ুন: সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে পৌঁছালেন আশরাফ হাকিমি
এবার ফ্রান্স–মরক্কো ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ফাকুন্ডো টেল্লো। তার সহকারীদের মধ্যে রয়েছেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে আছেন ক্রিস্টিয়ান নাভারো, এই দুইজনও আর্জেন্টিনার।
সবকিছু মিলিয়ে রেফারি নিয়োগের এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন