১০:৫৩ এম
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।
এ তালিকা সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা ও সাধারণ—দুই শ্রেণিতে নির্ধারিত হারে মাসিক বৃত্তি এবং বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য এককালীন অর্থ সহায়তা পাবে।
বোর্ডের প্রকাশিত শর্তাবলীর ভিত্তিতে, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা করে পাবেন। এছাড়া, বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪৫০ টাকা পাবেন।
আরও পড়ুন: কলেজ খুলবে ১ নভেম্বর থেকে
বৃত্তির অর্থ প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই উচ্চ শ্রেণিতে পড়াশোনার জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র জমা দিয়ে বিধি অনুযায়ী বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে।
এছাড়া, শিক্ষার্থীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। নির্ধারিত শর্ত পূরণ না হলে বৃত্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে।
বাংলাদেশের ভেতরে সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃত্তি কার্যকর হবে। অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার যোগ্য হবে না। এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠবিরতি হিসেবে গণ্য হবে বলেও শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছে বেতন দাবি করে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল ও মাদরাসা
শর্তাবলিতে আরো উল্লেখ করা হয়েছে, বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ আপাতত নির্ধারিত। প্রয়োজন হলে সরকার কোনো কারণ না দেখিয়েও এসব পরিবর্তন বা বাতিল করতে পারবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন