সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১১:০৪ এম
মার্কিন পপ তারকা কেটি পেরি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে নতুন অধ্যায় শুরু করেছেন। হলিউডের অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের পর তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গায়িকা এখন নতুন এই সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করছেন। তাঁর মতে, ট্রুডোর সঙ্গে ভালোবাসা তাঁকে জীবনে নতুন পূর্ণতার অনুভূতি দিয়েছে।
২৫ অক্টোবর কেটি পেরির ৪২তম জন্মদিন উপলক্ষে পিপল সাময়িকী তাঁর ব্যক্তিগত জীবন ও সংগীতজীবনের নানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সাময়িকীটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেটি জানান, তাঁর ‘লাইফটাইমস ট্যুর’ ভক্তদের সঙ্গে নতুন করে সংযোগ তৈরির সুযোগ দিয়েছে এবং জীবনে ভালোবাসার মানুষ খুঁজে পেতেও সাহায্য করেছে।
যেভাবে শুরু ট্রুডোর সঙ্গে প্রেম
২০২৫ সালের জুলাইয়ে কানাডায় কনসার্ট সফরের সময় কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর মধ্যে ঘনিষ্ঠতার খবর প্রকাশ পায়। ওই মাসের ২৮ জুলাই মন্ট্রিয়লে তাঁদের একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায়। দুই দিন পর ট্রুডো কেটির কনসার্টেও উপস্থিত হন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্ক নিয়ে আলোচনা বাড়তে থাকে।
অন্যদিকে, একই সময়ে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটির দীর্ঘদিনের সম্পর্ক ভাঙনের খবরও প্রকাশিত হয়। ২০১৬ সালে তাঁদের প্রেম শুরু হয়, ২০১৯ সালে বাগ্দান হয় এবং ২০২০ সালে তাঁদের কন্যা ডেইজি ডাভ ব্লুমের জন্ম হয়। ২০২৫ সালের ৩ জুলাই দুজনের প্রতিনিধিরা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাঁরা মেয়েকে যৌথভাবে বড় করে তোলার বিষয়ে মনোযোগী থাকার কথা জানিয়েছেন।
নতুন প্রেমে মানসিক স্বস্তি
ট্রুডোর সঙ্গে কেটির সম্পর্ক তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রুডোর সমর্থন তাঁর সংগীতজীবন ও কাজের প্রতি স্বস্তি দেয়। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন তিনি।
২০২৫ সালে প্রকাশিত ‘ব্যান্ডএইডস’ এবং ২০২৬ সালের ২৫ জুন প্রকাশিত ‘ওয়াচ ইট বার্ন’ গানেও সম্পর্কের টানাপোড়েন, মানসিক কষ্ট ও সেই অবস্থা থেকে বেরিয়ে আসার বিষয় উঠে এসেছে। তবে কেটি দাবি করেননি যে গানগুলোর প্রতিটি ঘটনা তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
কঠিন সময়েও থামেনি সংগীতযাত্রা
অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের সময়ও কনসার্ট চালিয়ে গেছেন কেটি। ২০২৫ সালের ২৩ এপ্রিল মেক্সিকো সিটিতে শুরু হয়েছিল তাঁর ‘লাইফটাইমস ট্যুর’। পাঁচ মহাদেশের ২৩টি দেশে ৯১টি কনসার্টের এই সফর শেষ হয় একই বছরের ৭ ডিসেম্বর আবুধাবিতে। সফরের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত কষ্ট সামলেই মঞ্চে উঠেছেন তিনি।
এ ছাড়া তাঁর কনসার্ট সফরের অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছে ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর-লাইভ ফ্রম প্যারিস’ নামের কনসার্ট চলচ্চিত্র। ২০২৫ সালের নভেম্বরে প্যারিসে ধারণ করা পরিবেশনা নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পায় ২০২৬ সালের ২ সেপ্টেম্বর।
মেয়ে ডেইজিকে ঘিরে ভবিষ্যৎ
ব্যক্তিগত জীবনের পরিবর্তনের মধ্যেও কেটির ছয় বছর বয়সী মেয়ে ডেইজি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কনসার্ট সফরেও মেয়েকে সঙ্গে রেখেছেন তিনি। নিজের কাজের প্রতি নিষ্ঠা ও কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিকতা মেয়ের সামনে তুলে ধরতে চান এই গায়িকা।
১৯৮৪ সালের ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন কেটি পেরি। ২০০৮ সালে ‘আই কিসড আ গার্ল’ গানটির মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। পরে ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘ক্যালিফোর্নিয়া গার্লস’-এর মতো গান তাঁকে বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করে। দীর্ঘ সংগীতজীবন, সম্পর্কের ভাঙন এবং নতুন প্রেম, সব মিলিয়ে এখন জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছেন কেটি পেরি।
প্রথম আলো, পিপল ও এলের প্রতিবেদন অবলম্বনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনার কথা বলে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে মারধর করে ৭০ হাজার টাকা আদায় করা হয়। পরে তাঁকে একটি প্রাইভেটকারে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ডিজিএফআইয়ের দুই সদস্য ও এক আনসার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. শরিফ মোটরসাইকেল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। ভাষানটেক এলাকায় প্রতিবেশী আনসার সদস্য সোহেল রানার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। গত শনিবার রাতে সোহেল রানার কথামতো মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে যান শরিফ। সেখানে তাঁকে একটি বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর সোহেল রানা ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর সার্জেন্ট আল মামুন, ল্যান্স কর্পোরাল মো. নুরুজ্জামান, নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী ও সোনিয়া নামে এক নারী ওই বাসায় প্রবেশ করেন। পরে তাঁরা শরিফকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
একপর্যায়ে তাঁদের হাত থেকে রক্ষা পেতে মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন শরিফ। তবে ওই টাকা নেওয়ার পরও তাঁরা ক্ষান্ত হননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বরং তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং পুনরায় ১০ লাখ টাকা দাবি করা হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, পরিবারের সদস্যদের ফোন করে টাকা সংগ্রহের চেষ্টা করেন শরিফ। পরে রাত পৌনে ৩টার দিকে তাঁকে বাসা থেকে নামিয়ে সাদা রঙের একটি টয়োটা প্রোবক্স প্রাইভেটকারে তোলা হয়। গাড়িতে মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলাম রামেসহ আরও দুজন ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরে তাঁকে শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালের বিপরীত পাশে নিয়ে গাড়ির ভেতরে আটকে রাখা হয়। এ সময় অভিযুক্তরা চা পান করতে গাড়ি থেকে নামলে পুলিশের গাড়ি দেখতে পান শরিফ। সুযোগ বুঝে তিনি গাড়ি থেকে নেমে পুলিশের সহায়তা চান এবং পুরো ঘটনা খুলে বলেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে শ্যামলীর শিশুমেলা এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি পুলিশের সহায়তা চান। পরে পুলিশ পাঁচজনকে আটক করে। ঘটনার সূত্রপাত মোহাম্মদপুর এলাকায় হওয়ায় তাঁদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের অভিযানে সার্জেন্ট আল মামুন, ল্যান্স কর্পোরাল মো. নুরুজ্জামান, মুকুল গাজী, মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলামকে আটক করা হয়। এ ছাড়া আনসার সদস্য সোহেল রানাকেও গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত সাদা রঙের টয়োটা প্রোবক্স গাড়িটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শরিফ। মামলায় চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই মারা যান রুবেল। দেশে তার স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। রুবেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিবেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে তারা মহাসড়কে ওঠেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে রোববার (২৫ অক্টোবর) নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়ান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ