ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকারি ক্রয়ে নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে পাস হলো বিল


সরকারি ক্রয়ে নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে পাস হলো বিল

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করার জন্য কোনো শর্ত আরোপ করা যাবে না। দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক হিসেবে নির্ধারণ করা যাবে না। এই বিধানকে সামনে রেখে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ পাস করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে এটি পাস হয়।

বিলের আলোচনায় বিরোধী দলের সদস্যরা মন্তব্য করেন, বিলটিতে কিছু ভালো দিক থাকলেও কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতির সুযোগ ও ফাঁক রয়ে গেছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা উচিত, অন্যথায় বিষয়টি ভিন্ন দিকে মোড় নিতে পারে।

আরও পড়ুন: ১১ বছরেও সাড়ে ৫ কোটি মানুষ স্মার্ট এনআইডি পাননি

দলটির অপর সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, বিলে নারীসহ বিভিন্ন শ্রেণির অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেখানে আলাদাভাবে সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টি যুক্ত করার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। তিনি উল্লেখ করেন, বিগত আমলে আওয়ামী লীগ ছাড়া অন্যরা সুযোগ পায়নি, ভবিষ্যতে অন্যরাও যেন এর রাজনৈতিক সদ্ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার।

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, গত ২০ বছরে যারা কোনো কাজ বা সুযোগ পাননি, তাঁদের সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। এই শ্রেণি যুক্ত হলে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে—এমন প্রশ্ন রেখে তিনি এই বিধান বাদ দেওয়ার আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জবাবে বলেন, সুযোগ-বঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয় মাত্র। তিনি বলেন, সুযোগ-বঞ্চিত হলেই যে কেউ ঢালাওভাবে সুবিধা পাবেন, তা নয়। এ ক্ষেত্রে সুযোগ-বঞ্চিতদের পাশাপাশি বেসরকারি খাতের বিষয়টির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুন: আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি

বিলের মূল বিধানসমূহ

পাস হওয়া বিলে উল্লেখ করা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনা করে ক্রয়কারী কর্তৃপক্ষ বিশেষ শর্ত আরোপ করতে পারবে।

এছাড়াও, দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে সরকার সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার ক্ষমতাও সরকারের থাকবে। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতা অথবা সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে। এ ছাড়া কোনো বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

আরও পড়ুন: মহান বিজয়ের মাসে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন

এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি পাস হয়।

বিলের বিধান অনুযায়ী, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংস্থ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার প্রজ্ঞাপন দিয়ে যেসব এলাকা নির্ধারণ করবে, তা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। এই কর্তৃপক্ষ ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। এ জন্য ভূমি জরিপ, সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে পারবে। পাশাপাশি অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনরউন্নয়ন ও পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারবে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।

দীর্ঘ ১৫ বছর ধরে এই প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের উপস্থিতিতে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আয়োজকরা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এই প্রত্যন্ত স্থানে ২০১১ সাল থেকে প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ রবিবার ভক্ত ও সাধুসন্নাসীদের আগমনের মাধ্যমে বাৎসরিক মিলন মেলা আয়োজন করা হয়ে থাকে। মিলন মেলাকে কেন্দ্র করে বসে জাঁকজমকপূর্ণ গ্রামীণ মেলা। স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজির নামে ১০ শতক জমি ওয়াকফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ বর্তমানে সেই আখড়াবাড়ি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় লালন উৎসব পালনের পর কুড়িগ্রামে অনুষ্ঠিত হয় এই লালন তিরোধান দিবস। দিনব্যাপী মেলা চলাকালীন সন্ধ্যার পর সাধু সঙ্গদের পরিবেশনায় রাতভর চলে ভাব-সংগীতের আসর। এই আসরে দেশের বিভিন্ন প্রান্তের লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় ভাবসঙ্গীতের আসর উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা বিএনপির সদস্য ও সাংস্কৃতিক সংগঠক আলতাফ হোসেন, জেলা জাসাস আহ্বায়ক আহসান হাবীব সজিব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন অ্যাকাডেমির সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন অ্যাকাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল।

এর আগে বিকেলে লালনের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান।

রাজশাহীর বাউল দুলাল শাহ জানান, "লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা সাধু সঙ্গের পদধূলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি।" অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউসুফ আলমগীর।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান জানান, এখানে বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আগামীতে আমরা দেশের দ্বিতীয় চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নুরনবী জানান, কুষ্টিয়ায় অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এখানে ছুটে আসেন প্রাণের টানে। আমরা আগামীতে দুদিনব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নেব।

কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, "লালনপ্রিয় লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসনের লোকজন ও পুলিশ বিভাগ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করলে এখানে স্বাচ্ছন্দ্যে সারা দেশের মানুষ এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র সরোবরে শুরু হলো ২৮তম জাতীয় নবান্ন উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


রবীন্দ্র সরোবরে শুরু হলো ২৮তম জাতীয় নবান্ন উৎসব

নতুন ধানের সুগন্ধ, ফসল তোলার আনন্দ এবং গ্রামবাংলার ঐতিহ্যের আবহে রাজধানীতে ২৮তম ‘জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’ শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিল্পী হাসান আলীর বাঁশির সুরে নবান্নের আগমনী বার্তা বেজে ওঠে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এই দিনব্যাপী উৎসবের মাধ্যমে নগরবাসীর কাছে বাংলার শস্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের বর্ণিল রূপ তুলে ধরা হচ্ছে।

বাঁশির সুরের পর শিশু সংগঠন মেঠোকুঁড়ি স্কুলের সম্মেলক পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। এরপর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী দলীয় সংগীত পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।

এছাড়া, দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, নন্দন কলা কেন্দ্র, স্পন্দন, নৃত্যকানন ও ভাবনা। একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।

সকাল থেকেই উৎসবে নগরবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দর্শনার্থীদের জন্য গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসার আয়োজন করা হয়। নবান্নের ঐতিহ্য ধরে রাখতে আয়োজকদের এই উদ্যোগকে উৎসবে অংশ নেওয়া দর্শনার্থীরা স্বাগত জানান।

সকালের আয়োজনের অংশ হিসেবে ‘নবান্ন কথন’ অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। তিনি বলেন, ১৪০৬ বঙ্গাব্দে শুরু হওয়া এই উৎসব নানা চড়াই-উতরাই পেরিয়ে এবারে ২৮তম আয়োজনে পৌঁছেছে, যা তাঁদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের প্রতিটি জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা নবান্ন উৎসব উদ্‌যাপন করছেন। অসাম্প্রদায়িক এই উৎসব সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

তবে উৎসব আয়োজনের স্থান পাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন নাঈম হাসান সুজা। তিনি জানান, তিন-চার মাস আগে চারুকলায় উৎসবের জন্য স্থান বরাদ্দ দেওয়া হলেও ১ নভেম্বর তা বাতিলের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব আয়োজনের কারণ দেখিয়ে এ বরাদ্দ বাতিল করা হয়েছে। সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রেখে সংস্কৃতিচর্চায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চাল ও গুড়ের খাবারের যে সুবাস পাওয়া যেত, তা নতুন প্রজন্মকে দেওয়ার সুযোগ এখন কমে এসেছে। নবান্ন, পয়লা বৈশাখ ও ঋতু উৎসব বাঙালির গ্রামীণ লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকে না। এ ধরনের সাংস্কৃতিক চর্চা বাড়লে সমাজকে সাম্প্রদায়িকতার প্রভাব থেকেও দূরে রাখা সম্ভব হবে।

পর্ষদের সহসভাপতি মাহমুদ সেলিম বলেন, কৃষকের আর্থিক সংকটের কারণে তাঁদের জীবন থেকে নবান্নের আনন্দ হারিয়ে যাচ্ছে। ফসল ঘরে তোলার আগেই ঋণের কারণে অনেক কৃষকের ধান মহাজনের হাতে চলে যায়। ফলে তাঁদের পক্ষে নবান্ন উদ্‌যাপন কঠিন হয়ে পড়ে। নাগরিক পরিসরে উৎসব আয়োজনের পাশাপাশি কৃষকের জীবন, অধিকার ও বঞ্চনার বিষয়েও ভাবতে হবে।

আয়োজকেরা জানান, দিনব্যাপী উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এই পর্বে শিশু সংগঠনের পরিবেশনার পাশাপাশি একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তির আয়োজন রয়েছে। এতে অংশ নেবে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি ও সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া সংগীত পরিবেশন করবেন এস এম মেসবাহ, অবিনাশ বাউল ও তামান্না নিগার তুলিসহ অন্যান্য শিল্পীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায়, তাদের সময় দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায়, তাদের সময় দেওয়া হচ্ছে

জাতীয় সংসদে জনগণের জন্য গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আলোচনা করার সুযোগ না দিয়ে বরং প্রধানমন্ত্রীকে ‘তেলবাজি’ করে কবিতা আবৃত্তি করার জন্য সময় দেওয়া হচ্ছে, এই অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার সংসদ অধিবেশন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর তেলবাজি করে কবিতা আবৃত্তি করার জন্য সময় দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রীর তেলবাজি করে যদি এখানে কোনো কথা বলা হয়, তাদের সময় দেওয়া হয়। কিন্তু আমরা গঠনমূলক সমালোচনা করার জন্য এতবার হাত তুলি, আজকে ১৯ মিনিট হাত তুলে থেকে একটি সম্পূরক প্রশ্ন করতে হয়েছে। আমাদের প্রশ্নগুলো নোটিশ আকারেই রাখে না।”

দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) খাতের চলমান অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, রোববার গার্মেন্টস খাতের সমস্যা নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু হঠাৎ করে স্পিকার অধিবেশন মুলতবি করে দেন এবং আজকের কার্যতালিকায় বিষয়টি রাখা হয়নি। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এই ইস্যুতে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় 'অর্ডার অব দ্য ডে'-তে থাকার পরও বিরোধীদলকে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।

গার্মেন্টস খাতের সংকটের চিত্র তুলে ধরে এনসিপির এই সংসদ সদস্য বলেন, দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বাড়লেও শ্রমিকদের বেতন কাঠামো আগের মতোই রয়ে গেছে, যা শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। অন্যদিকে, গ্যাস সংকট, ক্রয়াদেশ (অর্ডার) কমে যাওয়া এবং ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিসের দুর্নীতি ও ঘুষের কারণে মালিকপক্ষও চরম সংকটে রয়েছে।

সংসদের কার্যপ্রণালি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় তাৎপর্যপূর্ণ ও অর্থনৈতিক বিষয়গুলো এড়িয়ে সংসদে ৭১ বিধিতে 'অমুক উপজেলায় কর্মসংস্থান ব্যাংক আছে কি না' কিংবা 'কৈ মাছ' নিয়ে আলোচনার মতো তুচ্ছ ও সুবিধাজনক বিষয়গুলো বেছে নেওয়া হচ্ছে।

বিরোধীদলের প্রতি বৈষম্যমূলক আচরণ করে সংসদকে অকার্যকর (ডিসফাংশনাল) করে রাখা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণ জাতীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য তাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কিন্তু সংসদে বিরোধীদলের কাঠামোগত অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে, রেজিস্ট্রির তারিখও জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে, রেজিস্ট্রির তারিখও জানা গেল

টালিউড ইন্ডাস্ট্রির একজন আলোচিত অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। ৩৭ বছর বয়সেও তিনি এখনও সিঙ্গেল রয়েছেন। ফলে এ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সংবাদ শিরোনামে উঠে এসেছেন। তবে এবার সেই আলোচনা যেন একধাপ এগিয়ে গেছে। বিয়ের কার্ড ও রেজিস্ট্রি ম্যারিজের তারিখ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিমি নতুন জীবনের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। পাত্র হিসেবে তিনি একজন ইন্ডাস্ট্রির মানুষকে বেছে নেননি। বরং, তার দীর্ঘদিনের বন্ধু সিদ্ধার্থ, যিনি পেশায় ভারতীয় নৌ সেনার একজন অফিসার।

গত ১২ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে আসে। সেখানে নব বিবাহিত দম্পতির সঙ্গে বিয়ের মন্ডপে তিনটি সারমেয়কে বসে থাকতে দেখা যায়। এটি সকলের জানা যে, মিমি একজন পশুপ্রেমিক, এবং তার বিয়ের কার্ডে সেই ছোঁয়া স্পষ্ট।

টালি তারকার বিয়ের কার্ডের ছবি ভাইরাল হওয়ার পর, এবার সামনে এসেছে তার রেজিস্ট্রি ম্যারিজের তারিখ। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়ে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে তারা সাত পাকে বাঁধা পড়বেন। তবে এ বিষয়ে মিমি এখনও কোনো মন্তব্য করেননি।

এদিকে, বিয়ের আয়োজন নিয়ে মিমি এখন ব্যস্ত হয়ে পড়েছেন। শপিং থেকে শুরু করে সব কাজ পুরোদমে চলছে। কিছুদিন আগে তিনি সব্যসাচী মুখার্জির স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেন, যা থেকে বোঝা যায়, হাতে খুব বেশি সময় নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%