১০:৪২ পি.এম
নতুন ধানের সুগন্ধ, ফসল তোলার আনন্দ এবং গ্রামবাংলার ঐতিহ্যের আবহে রাজধানীতে ২৮তম ‘জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’ শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিল্পী হাসান আলীর বাঁশির সুরে নবান্নের আগমনী বার্তা বেজে ওঠে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এই দিনব্যাপী উৎসবের মাধ্যমে নগরবাসীর কাছে বাংলার শস্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের বর্ণিল রূপ তুলে ধরা হচ্ছে।
বাঁশির সুরের পর শিশু সংগঠন মেঠোকুঁড়ি স্কুলের সম্মেলক পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। এরপর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী দলীয় সংগীত পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।
এছাড়া, দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, নন্দন কলা কেন্দ্র, স্পন্দন, নৃত্যকানন ও ভাবনা। একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।
আরও পড়ুন: সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতির ভাই কাজী আজহারুল ইসলাম মানিক গ্রেফতার
সকাল থেকেই উৎসবে নগরবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দর্শনার্থীদের জন্য গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসার আয়োজন করা হয়। নবান্নের ঐতিহ্য ধরে রাখতে আয়োজকদের এই উদ্যোগকে উৎসবে অংশ নেওয়া দর্শনার্থীরা স্বাগত জানান।
সকালের আয়োজনের অংশ হিসেবে ‘নবান্ন কথন’ অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। তিনি বলেন, ১৪০৬ বঙ্গাব্দে শুরু হওয়া এই উৎসব নানা চড়াই-উতরাই পেরিয়ে এবারে ২৮তম আয়োজনে পৌঁছেছে, যা তাঁদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের প্রতিটি জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা নবান্ন উৎসব উদ্যাপন করছেন। অসাম্প্রদায়িক এই উৎসব সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
তবে উৎসব আয়োজনের স্থান পাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন নাঈম হাসান সুজা। তিনি জানান, তিন-চার মাস আগে চারুকলায় উৎসবের জন্য স্থান বরাদ্দ দেওয়া হলেও ১ নভেম্বর তা বাতিলের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব আয়োজনের কারণ দেখিয়ে এ বরাদ্দ বাতিল করা হয়েছে। সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রেখে সংস্কৃতিচর্চায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চাল ও গুড়ের খাবারের যে সুবাস পাওয়া যেত, তা নতুন প্রজন্মকে দেওয়ার সুযোগ এখন কমে এসেছে। নবান্ন, পয়লা বৈশাখ ও ঋতু উৎসব বাঙালির গ্রামীণ লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকে না। এ ধরনের সাংস্কৃতিক চর্চা বাড়লে সমাজকে সাম্প্রদায়িকতার প্রভাব থেকেও দূরে রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: ক্যালকুলেটর ছাড়াই লাখ টাকার হিসাব করেন রিপন, আঙুলের টোকায়
পর্ষদের সহসভাপতি মাহমুদ সেলিম বলেন, কৃষকের আর্থিক সংকটের কারণে তাঁদের জীবন থেকে নবান্নের আনন্দ হারিয়ে যাচ্ছে। ফসল ঘরে তোলার আগেই ঋণের কারণে অনেক কৃষকের ধান মহাজনের হাতে চলে যায়। ফলে তাঁদের পক্ষে নবান্ন উদ্যাপন কঠিন হয়ে পড়ে। নাগরিক পরিসরে উৎসব আয়োজনের পাশাপাশি কৃষকের জীবন, অধিকার ও বঞ্চনার বিষয়েও ভাবতে হবে।
আয়োজকেরা জানান, দিনব্যাপী উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এই পর্বে শিশু সংগঠনের পরিবেশনার পাশাপাশি একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তির আয়োজন রয়েছে। এতে অংশ নেবে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি ও সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া সংগীত পরিবেশন করবেন এস এম মেসবাহ, অবিনাশ বাউল ও তামান্না নিগার তুলিসহ অন্যান্য শিল্পীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন