ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানিকগঞ্জে নবান্ন উৎসবে ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও বিদেশিদের অংশগ্রহণ


মানিকগঞ্জে নবান্ন উৎসবে ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও বিদেশিদের অংশগ্রহণ

হেমন্তের সোনালি সকালে মাঠজুড়ে পাকা ধানের সমারোহ দেখা গেছে। কৃষকরা কাস্তে হাতে ধান কাটছেন। তাদের সঙ্গে মাঠে নেমেছেন দেশ-বিদেশ থেকে আসা অতিথিরা। এমন দৃশ্য মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে দেখা গেছে।

গ্রামের বিভিন্ন স্থানে চলছে ধান মাড়াই। কোথাও ঢেঁকিতে চাল ভানার ছন্দে কিষানিদের কণ্ঠে শোনা যাচ্ছে লোকগান—‘ও ধান ভানি রে, ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া।’ আবার কোনো বাড়ির আঙিনায় নতুন চালের পিঠা-পায়েস, বাউলগান এবং গ্রামীণ খেলাধুলায় মুখর উৎসব প্রাঙ্গণ।

সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে এ নবান্ন উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরাও এতে অংশ নেন।

আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের সুইচ ফার্মাসিজন, ভারতের সীতা দত্ত ও অজয় বড়াল এবং ইন্দোনেশিয়ার কৃষি উদ্যোক্তা পেতোনি-আগুস সালিম। এছাড়া ঢাকা থেকে আমিনা আনসারী ও রূপশিখা বানু, রাজশাহী থেকে হেলাল হেদায়েত ইসলাম এবং বিক্রয় প্রশিক্ষক রাজিব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবে যোগ দেন। আশপাশের অন্তত ২০টি গ্রামের কৃষক-কিষানিদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

ধান কাটা ও মাড়াই শেষে নতুন ধান নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে ধান ভানার ছন্দে গানের তালে নাচেও অংশ নেন নারীরা। নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় মুঠো পিঠা, সেমাই পিঠা ও পায়েস। কলাপাতায় পরিবেশন করা হয় নবান্নের নানা পদ। উৎসব প্রাঙ্গণে বসে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ির মেলা। ছিল শস্য প্রদর্শনী, রম্য কৌতুক এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার আয়োজন।

নবান্নের মূল আয়োজন হয় প্রাকৃতিক কৃষি খামারে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনার জন্য বেছে নেওয়া হয় একই গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটতলা। সেখানে টাঙ্গাইলের কৃষক ও গীতিকবি আক্কাছ আলী, বাউলশিল্পী আসলাম উদ্দিন বাচ্চু, মো. সাজাহান, সোনাজুদ্দিন ও খোরশেদ বয়াতি গান পরিবেশন করেন। ধান ভানার গান পরিবেশন করেন ডালিয়া আক্তার, মল্লিকা ইয়াসমিন, ভিনদেশি প্রীজ বেরোজ লিজা, শুকুরজান এবং স্থানীয় প্রবীণ কিষানিরা। সন্ধ্যার পর বটতলায় বসে গাজীর গানের আসর। এতে গান পরিবেশন করেন বয়াতি আওলাত গায়েন। পরে ফসলের গান ও ভাববৈঠকী গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের বাউলিয়ানা ফকির সাহেব ও লেনছু বয়াতি।

উৎসবে অংশ নেওয়া স্থানীয় কৃষক কালাচাঁদ বলেন, "কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তার খুব ভালো লাগছে।"

আরও পড়ুন: মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

আদর্শ কৃষক ও গবেষক হাসান মাহদী বলেন, "বাংলার জীবনঘনিষ্ঠ এসব ঐতিহ্য যুগ যুগ ধরে এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তোলা হচ্ছে।"

আলোচনা পর্বে বক্তব্য দেন- প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী, প্রকৃতি গবেষক ওমর ফারুক, নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সচিব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কুমিল্লার আইনজীবী বিলকিস আক্তার এবং নারী উদ্যোক্তা ডালিয়া আক্তার।

সভাপতির বক্তব্যে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, "সাধারণত অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার সময় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এবার অষ্টমবারের মতো এ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে নবান্নের রং ও কৃষকের পরিশ্রমের গল্প পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গ্রামে গ্রামে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন করা প্রয়োজন।

আরও পড়ুন: সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতির ভাই কাজী আজহারুল ইসলাম মানিক গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বছরেও সাড়ে ৫ কোটি মানুষ স্মার্ট এনআইডি পাননি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


১১ বছরেও সাড়ে ৫ কোটি মানুষ স্মার্ট এনআইডি পাননি

স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপার কাজ ১০ দিন ধরে বন্ধ রয়েছে কারিগরি ও আর্থিক জটিলতার কারণে। প্রিন্টিং মেশিনের সফটওয়্যার সমস্যা, দীর্ঘদিনের বকেয়া বিল এবং দক্ষ জনবলের সংকটের কারণে গত ৫ নভেম্বর থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে কার্ড ছাপানোর কার্যক্রম।

দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটারের মধ্যে এখনো সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট এনআইডি ছাপানো হয়নি। ফলে বিপুলসংখ্যক ভোটার দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করছেন। তবে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের সেবা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৫ নভেম্বরের আগে নির্বাচন কমিশন (ইসি) স্মার্ট এনআইডি ছাপানোর কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চালিয়ে আসছিল। ২০২৪ সালের ১ জুন থেকে কোনো চুক্তি ছাড়াই কার্ড ছাপানো হচ্ছিল। সাধারণ মানুষের জন্য বিপুলসংখ্যক কার্ড ছাপানো হচ্ছিল না, বরং বিশেষ ব্যক্তিদের অনুরোধে কার্ড প্রিন্ট করা হতো। বর্তমানে সেই কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

এই পরিস্থিতি মোকাবেলা করতে আজ অনুষ্ঠিত হতে যাওয়া কমিশনের ১৪তম সভায় বিষয়টি উত্থাপন করা হবে। সভায় স্মার্ট এনআইডি কার্ড পার্সোনালাইজেশন-সংক্রান্ত বিষয় ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে ভোট হবে, তা নির্ধারণের আলোচনা হবে।

নভেম্বরের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন ও এনআইডি কার্ড পার্সোনালাইজেশন-সংক্রান্ত দুটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ যুগান্তরকে বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর বিষয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা হবে।

তিনি আরও জানান, কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পুনরায় স্মার্ট কার্ড ছাপানোর কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। এ ক্ষেত্রে প্রতিটি জেলার সদর উপজেলার ইউনিয়নগুলোকে তালিকায় রাখা হতে পারে।

এগারো বছরে ছাপা ৮ কোটি ৭৫ লাখ কার্ড

স্মার্ট এনআইডি ছাপানোর বিষয়ে জানা গেছে, দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটার রয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটারের স্মার্ট এনআইডি পাওয়ার কথা। এজন্য বিপুল ব্যয়ে পরপর দুটি প্রকল্পও বাস্তবায়ন করছে ইসি।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ বছরে ৮ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার স্মার্ট এনআইডি প্রিন্ট হয়েছে।

এর মধ্যে মাঠপর্যায়ে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৭১ হাজার। ১ কোটি ৩৯ লাখ কার্ড এখনো বিতরণ করা হয়নি। এ হিসাবে এখন পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি। যদিও একই ব্যক্তির একাধিক কার্ড নেওয়ার ঘটনাও ঘটেছে।

বিএমটিএফের বকেয়া ৩৪ কোটি টাকা

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) দীর্ঘদিন ধরে স্মার্ট এনআইডি প্রিন্ট করে আসছে। একই সঙ্গে কার্ড প্রিন্টিং মেশিনের রক্ষণাবেক্ষণের কাজও করে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইসির কাছে প্রতিষ্ঠানটির বকেয়া ৩৪ কোটি ২৩ লাখ টাকা।

দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়া, সফটওয়্যার জটিলতা ও মেশিনে ত্রুটি থাকায় ছাপার কাজ বন্ধ হয়ে গেছে। এরপরই কমিশন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। প্রতিষ্ঠানটির পাওনা টাকা পরিশোধের বিষয়টি আজ অনুষ্ঠেয় কমিশন সভায় উঠবে। যদিও এ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড ছাপানোর বিষয়ে ৭৪ কোটি টাকার অডিট আপত্তি রয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ইসি ২ কোটি ৩৬ লাখ নতুন স্মার্ট কার্ড সংগ্রহ করেছে। এসব কার্ড প্রিন্ট করতে হলে মেশিন মেরামত করতে হবে। বর্তমানে ইসির ১০টি প্রিন্টিং মেশিনের মধ্যে ৯টি সচল করা সম্ভব হবে। একটি পুরোপুরি অচল। এজন্য সফটওয়্যার আপডেটসহ অন্যান্য প্রস্তুতিও নিতে হবে। এসব কাজ সম্পন্ন হলে ৯টি মেশিনে গড়ে প্রতি ঘণ্টায় ৪ হাজার ২০০টি কার্ড ছাপানো সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালকুলেটর ছাড়াই লাখ টাকার হিসাব করেন রিপন, আঙুলের টোকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


ক্যালকুলেটর ছাড়াই লাখ টাকার হিসাব করেন রিপন, আঙুলের টোকায়

ক্যালকুলেটর নেই হাতে, টেবিলের উপর নেই কোনো কম্পিউটার বা ল্যাপটপ। কেবল আঙুলের টোকায় কয়েক সেকেন্ডের মধ্যে লাখ লাখ টাকার পাইকারি পণ্যের নিখুঁত হিসাব কষে ফেলছেন গাজীপুরের শ্রীপুর পৌরশহরের মুদি ব্যবসায়ী রিপন সরকার।

প্রায় ৩০ বছরের দীর্ঘ সময় ধরে তার এই ব্যতিক্রমী ও দ্রুত হিসাব করার ক্ষমতা তাকে স্থানীয়ভাবে দারুণ পরিচিতি ও ক্রেতাদের আস্থা এনে দিয়েছে।

শ্রীপুর পৌরশহরের প্রধান সড়কে অবস্থিত ‘মেসার্স রিপন এন্টারপ্রাইজের’ মালিক রিপন সরকার। প্রতিদিন তার দোকান থেকে অসংখ্য ক্রেতা লাখ লাখ টাকার পণ্য ক্রয় করেন। দোকানের কর্মীরা পণ্যের নাম ও দাম খাতায় লিখে রাখলেও, চূড়ান্ত হিসাবের সময় আসলে শুরু হয় রিপনের আঙুলের খেলা।

এই হিসাব পদ্ধতি কিভাবে আয়ত্তে এসেছে—এমন প্রশ্নের জবাবে রিপন সরকার জানান, এটি তার সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবিত অভ্যাস। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কারো সাহায্য ছাড়াই গত ৩০ বছরের বেশি সময় ধরে এই নিয়মে হিসাব করে আসছেন।

তার গণনা পদ্ধতি প্রাচীন গণনাযন্ত্র ‘অ্যাবাকাসের’ সঙ্গে কিছুটা মিল থাকলেও, তিনি নিজে কখনো অ্যাবাকাস দেখেননি বা এর সূত্র জানেন না বলে জানান। বর্তমানে তার এই কৌশল দেখতে অনেক শিক্ষক ও কৌতূহলী মানুষ দোকানে আসেন।

দোকানের পাইকারি ক্রেতা থেকে শুরু করে বিক্রয়কর্মী—সবার কাছেই রিপন সরকারের এই দ্রুত হিসাব করার দক্ষতা বিস্ময়ের বিষয়।

এক নারী ক্রেতা জানান, "ক্যালকুলেটরেও অনেক সময় ভুল হতে পারে, কিন্তু রিপনের আঙুলের হিসাবে আজ পর্যন্ত কোনো ভুল তিনি দেখেননি।"

দোকানে মালামাল কিনতে আসা এক ব্যবসায়ী জানান, প্রথম প্রথম বিষয়টি দেখে তিনি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন। ক্যালকুলেটর ছাড়াই কিভাবে এত দ্রুত নিখুঁত হিসাব করা সম্ভব, তা অনেকের কাছে রহস্যময়। তবে বিভিন্ন সময়ে পণ্য কিনে নিয়ে বাড়িতে গিয়ে হিসাব মেলালে কখনো ভুল পাওয়া যায়নি।

নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে রিপন সরকার বলেন, "ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে সময় ও ঝামেলা লাগে। তাই চোখের পলকে হাত দিয়েই নিখুঁতভাবে হিসাব নামিয়ে ফেলি। আজও কোনো ব্যবসায়ী আমার হিসাবে ভুল ধরতে পারেননি।"

রিপন সরকারের স্ত্রী ঝুমা সরকার জানান, বিয়ের পর থেকেই স্বামীর এমন ব্যতিক্রমী দক্ষতায় তিনি মুগ্ধ।

তিনি বলেন, ব্যবসার কাজে তিনি নিজে ক্যালকুলেটর ব্যবহার করলেও, স্বামীকে কখনো তা ব্যবহার করতে দেখেননি। তার মতে, এটি সৃষ্টিকর্তার বিশেষ দান।

নিছক একটি অভ্যাস থেকে শুরু হলেও, রিপন সরকারের এই ব্যতিক্রমী মেধা ও দক্ষতা আজ স্থানীয় মানুষের কাছে এক অনন্য আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতির ভাই কাজী আজহারুল ইসলাম মানিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতির ভাই কাজী আজহারুল ইসলাম মানিক গ্রেফতার

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে পুলিশ কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

তিনি যশোরের কেশবপুর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তার ছোট ভাই।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ পরে তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা গেছে, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। তিনি গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সোমবার ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকায় পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি: সভাপতি পলাশ, সম্পাদক তাহের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি: সভাপতি পলাশ, সম্পাদক তাহের

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার নতুন সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে ইয়াসির আকরাম পলাশ, সাধারণ সম্পাদক হিসেবে আবু তাহের প্রধান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহাঙ্গীর শিকদার মনোনীত হয়েছেন।

সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন প্রদান করে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মণ্ডল।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর গাজীপুর জেলা এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আকরাম পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার এক যৌথ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%