প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যালকুলেটর নেই হাতে, টেবিলের উপর নেই কোনো কম্পিউটার বা ল্যাপটপ। কেবল আঙুলের টোকায় কয়েক সেকেন্ডের মধ্যে লাখ লাখ টাকার পাইকারি পণ্যের নিখুঁত হিসাব কষে ফেলছেন গাজীপুরের শ্রীপুর পৌরশহরের মুদি ব্যবসায়ী রিপন সরকার।
প্রায় ৩০ বছরের দীর্ঘ সময় ধরে তার এই ব্যতিক্রমী ও দ্রুত হিসাব করার ক্ষমতা তাকে স্থানীয়ভাবে দারুণ পরিচিতি ও ক্রেতাদের আস্থা এনে দিয়েছে।
শ্রীপুর পৌরশহরের প্রধান সড়কে অবস্থিত ‘মেসার্স রিপন এন্টারপ্রাইজের’ মালিক রিপন সরকার। প্রতিদিন তার দোকান থেকে অসংখ্য ক্রেতা লাখ লাখ টাকার পণ্য ক্রয় করেন। দোকানের কর্মীরা পণ্যের নাম ও দাম খাতায় লিখে রাখলেও, চূড়ান্ত হিসাবের সময় আসলে শুরু হয় রিপনের আঙুলের খেলা।
এই হিসাব পদ্ধতি কিভাবে আয়ত্তে এসেছে—এমন প্রশ্নের জবাবে রিপন সরকার জানান, এটি তার সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবিত অভ্যাস। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কারো সাহায্য ছাড়াই গত ৩০ বছরের বেশি সময় ধরে এই নিয়মে হিসাব করে আসছেন।
তার গণনা পদ্ধতি প্রাচীন গণনাযন্ত্র ‘অ্যাবাকাসের’ সঙ্গে কিছুটা মিল থাকলেও, তিনি নিজে কখনো অ্যাবাকাস দেখেননি বা এর সূত্র জানেন না বলে জানান। বর্তমানে তার এই কৌশল দেখতে অনেক শিক্ষক ও কৌতূহলী মানুষ দোকানে আসেন।
দোকানের পাইকারি ক্রেতা থেকে শুরু করে বিক্রয়কর্মী—সবার কাছেই রিপন সরকারের এই দ্রুত হিসাব করার দক্ষতা বিস্ময়ের বিষয়।
এক নারী ক্রেতা জানান, "ক্যালকুলেটরেও অনেক সময় ভুল হতে পারে, কিন্তু রিপনের আঙুলের হিসাবে আজ পর্যন্ত কোনো ভুল তিনি দেখেননি।"
দোকানে মালামাল কিনতে আসা এক ব্যবসায়ী জানান, প্রথম প্রথম বিষয়টি দেখে তিনি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন। ক্যালকুলেটর ছাড়াই কিভাবে এত দ্রুত নিখুঁত হিসাব করা সম্ভব, তা অনেকের কাছে রহস্যময়। তবে বিভিন্ন সময়ে পণ্য কিনে নিয়ে বাড়িতে গিয়ে হিসাব মেলালে কখনো ভুল পাওয়া যায়নি।
নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে রিপন সরকার বলেন, "ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে সময় ও ঝামেলা লাগে। তাই চোখের পলকে হাত দিয়েই নিখুঁতভাবে হিসাব নামিয়ে ফেলি। আজও কোনো ব্যবসায়ী আমার হিসাবে ভুল ধরতে পারেননি।"
রিপন সরকারের স্ত্রী ঝুমা সরকার জানান, বিয়ের পর থেকেই স্বামীর এমন ব্যতিক্রমী দক্ষতায় তিনি মুগ্ধ।
তিনি বলেন, ব্যবসার কাজে তিনি নিজে ক্যালকুলেটর ব্যবহার করলেও, স্বামীকে কখনো তা ব্যবহার করতে দেখেননি। তার মতে, এটি সৃষ্টিকর্তার বিশেষ দান।
নিছক একটি অভ্যাস থেকে শুরু হলেও, রিপন সরকারের এই ব্যতিক্রমী মেধা ও দক্ষতা আজ স্থানীয় মানুষের কাছে এক অনন্য আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন