ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফরিদপুরে ব্রিজের নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার


ফরিদপুরে ব্রিজের নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

ফরিদপুরে, পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পাওয়ার পর অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের টেপাখোলা ব্রিজের নিচ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা রাত ৮টার দিকে শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার এ বিষয়ে জানান, ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে, ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে যে এটি হত্যা নাকি আত্মহত্যা। মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটোশুটের প্রলোভনে তরুণীকে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


ফটোশুটের প্রলোভনে তরুণীকে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয়েছে

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব লাভ করেছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তাকে একটি হোটেলে ফটোশুটের জন্য ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভীতিকর স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।

শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়াহ তার জীবনের সেই ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বর্তমানে ২৯ বছর বয়সী মারিয়াহ বলেন, ‘ওই হোটেল কক্ষে আমার মৃত্যু হয়েছিল। আমি তখন জীবন্ত লাশের মতো ছিলাম।’

মারিয়াহ জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বেড়ে ওঠা তার জীবন কৈশোর থেকেই নানা প্রতিকূলতায় ভরা ছিল। ১৮ বছর বয়সে বিয়ে হলেও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি জিমে কাজ শুরু করেন তিনি। আর্থিক সংকটের মধ্যে নতুন কাজের সন্ধান করতে গিয়ে ক্রেইগলিস্টে মডেলিংয়ের বিজ্ঞাপন দেখতে পান।

মডেল হওয়ার স্বপ্ন মারিয়াহর আগে থেকেই ছিল। তাই বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন। একপর্যায়ে এক ব্যক্তি ফোন করে সান দিয়েগোর একটি হিলটন হোটেলে ফটোশুটের প্রস্তাব দেন। কাজটি নিরাপদ বলে আশ্বস্ত করতে এক নারীর সঙ্গেও তার কথা বলানো হয়। ওই নারীও কাজটিকে বৈধ বলে দাবি করেন।

হোটেলে পৌঁছে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল মারিয়াহর। কিন্তু তাকে একটি কক্ষে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বদলে যায়। সেখানে আগে থেকেই আরেক ব্যক্তি অপেক্ষা করছিলেন। বের হওয়ার পথ আটকে তাকে বলা হয়, নির্দেশনা মেনে চললেই তার জন্য ভালো হবে।

মারিয়াহ বুঝতে পারেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ তার নেই। নিজের নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে তাকে জানানো হয়, একটি বিশেষ ভিডিওতে অভিনয় করতে হবে, যা কেবল অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। তার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়।

কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টো। প্রায় আট ঘণ্টা ধরে তাকে পর্নোগ্রাফির ভিডিও ধারণে বাধ্য করা হয়। মারিয়াহ বলেন, ওই সময় তিনি যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যন্ত্রের মতো একের পর এক নির্দেশ পালন করছিলেন। কাজ শেষে তাকে ৪ হাজার ৫০০ ডলার দেওয়া হয়।

ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতজনদের কাছে ভিডিওর লিংক ও স্ক্রিনশট পাঠানো হয়। এতে মারিয়াহ চরম সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণার মুখে পড়েন। এমনকি তার পরিচিতজনদের অনেকে তাকেই দোষারোপ করতে থাকেন।

মারিয়াহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর তার চারপাশের মানুষের কাছ থেকে সহানুভূতির বদলে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে। একপর্যায়ে বেঁচে থাকার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন তিনি। ওই চক্রের শিকার হওয়া অন্তত ১৫ জন নারী পরে আত্মহত্যা করেছেন অথবা মাদকের অতিরিক্ত ব্যবহারে মারা গেছেন বলে তার জানা।

তবে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মারিয়াহ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন, ওই পর্নোগ্রাফি নির্মাণকারী চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।

তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। ভিডিওতে অংশ নেওয়া নারীদের ওপর নির্যাতনে যুক্ত রুবেন আন্দ্রে গার্সিয়া ২০ বছরের এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাট ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

আদালতে অন্যান্য ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর মারিয়াহর অভিজ্ঞতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায়। এত দিন তিনি নিজেকেই দায়ী মনে করতেন। কিন্তু বুঝতে পারেন, তিনি মূলত প্রতারণা ও জবরদস্তির শিকার হয়েছিলেন।

বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে পড়া অননুমোদিত ও আপত্তিকর ভিডিও সরানোর উদ্যোগেও যুক্ত হয়েছেন। ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের জন্যও কাজ করছেন তিনি।

মারিয়াহর মতে, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কখনোই কাম্য ছিল না। তবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য নারীদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে চান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় ৩০% এর নিচে পাশের হার থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


ভালুকায় ৩০% এর নিচে পাশের হার থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার জন্য উপজেলা প্রশাসন অনুরোধ জানিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের এই অনুরোধ জানানো হয়েছে। ইউএনও কার্যালয়ে নিয়মিত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে যথাযথভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি অগ্রণী ও সোনালী ব্যাংক পিএলসি-এর ভালুকা শাখার ব্যবস্থাপক, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

উপজেলার শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে ভালুকা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই চিঠিটি প্রদান করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে।

এদিকে, উপজেলা প্রশাসনের এই চিঠিকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলে বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রচলিত এমপিও নীতিমালা অনুযায়ী উপজেলা প্রশাসন শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করার আইনগত এখতিয়ার রাখে কি না, সে বিষয়ে অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন।

মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া বিধি বহির্ভূত। সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের জানানো উচিত ছিল।

এই বিষয়ে ইউএনও মো. ফিরোজ হোসেন জানান, এটি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলা হয়েছে এবং পরবর্তীতে ওই বেতন পুনরায় চালু করা সম্ভব। শিক্ষার মান উন্নয়নে উপজেলা প্রশাসন সরাসরি বেতন বন্ধের ব্যবস্থা নিতে পারে কি না, বা বিধি মালা রয়েছে কি-না, সে বিষয়ে জানতে চাইলে, নির্বাহী কর্মকর্তা জানান, এটি বিধির বিষয় নয়, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা জানান, উপজেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিটি তারা হাতে পেয়েছেন। নির্দেশনার ভিত্তিতে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকা উপজেলার মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপজেলার অন্যান্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছেও এই বার্তা পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার মান কিছুটা হলেও উন্নত হবে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ ফোরাম (বাবেশিকফো)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জানান, অনতিবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করতে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনকে অনুরোধ জানানো হয়েছে। দ্রুত চিঠিটি প্রত্যাহার করা না হলে শিক্ষক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন ভারত সফরে গেছেন। মুম্বাইয়ে তারা শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেছেন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে তারা চা পান করেছেন।

একটি অনুষ্ঠানের জন্য ভারতে এসেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন। মুম্বাইয়ে পৌঁছানোর পর শচীন টেন্ডুলকার তাদের আমন্ত্রণ জানান। যুবরাজ এবং যুবরানি শচীনের সঙ্গে ক্রিকেট খেলেন। এ ছাড়া, তারা শচীনের সঙ্গে চা পান করেন এবং মুম্বাইয়ের রাস্তার খাবারও উপভোগ করেন।

সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে উইলিয়াম এবং কেটকে রাস্তায় খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়। শচীন বল করেছেন এবং পাশে দাঁড়িয়ে খুদে ক্রিকেটপ্রেমীরা উৎসাহ দিয়েছে।

এরপর শচীন বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানে উইলিয়াম এবং কেটকে নিয়ে যান। সেখানে তাদের জন্য মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ পরিবেশন করা হয়। পাশাপাশি, তারা মুম্বাইয়ের বিভিন্ন বিখ্যাত খাবারও চেখে দেখেন।

শচীন মুম্বাইয়ের বিভিন্ন ঐতিহাসিক বাড়িতে উইলিয়াম এবং কেটকে নিয়ে ঘুরে বেড়ান। তিনি সেই বাড়ির মাহাত্ম্য এবং ইতিহাস বোঝাতে দেখা যান।

উইলিয়াম এবং কেট ভারতে তিন দিনের সফরে এসেছেন। মুম্বাইয়ে তাদের সংস্থা আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পৃথিবীর বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী কিছু তৈরি করেছেন, এমন পাঁচ জনকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে। ২০২০ থেকে এই উদ্যোগ শুরু করেছেন কেট এবং উইলিয়াম।

মুম্বাইয়ের অনুষ্ঠানের মাধ্যমে ভারত এবং ব্রিটেনের মধ্যে ক্রিকেট, ফ্যাশন এবং সিনেমার সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

মঙ্গলবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বুধবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন উইলিয়াম এবং কেট। এরপর তারা দেশে ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে নবান্ন উৎসবে ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও বিদেশিদের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


মানিকগঞ্জে নবান্ন উৎসবে ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও বিদেশিদের অংশগ্রহণ

হেমন্তের সোনালি সকালে মাঠজুড়ে পাকা ধানের সমারোহ দেখা গেছে। কৃষকরা কাস্তে হাতে ধান কাটছেন। তাদের সঙ্গে মাঠে নেমেছেন দেশ-বিদেশ থেকে আসা অতিথিরা। এমন দৃশ্য মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে দেখা গেছে।

গ্রামের বিভিন্ন স্থানে চলছে ধান মাড়াই। কোথাও ঢেঁকিতে চাল ভানার ছন্দে কিষানিদের কণ্ঠে শোনা যাচ্ছে লোকগান—‘ও ধান ভানি রে, ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া।’ আবার কোনো বাড়ির আঙিনায় নতুন চালের পিঠা-পায়েস, বাউলগান এবং গ্রামীণ খেলাধুলায় মুখর উৎসব প্রাঙ্গণ।

সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে এ নবান্ন উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরাও এতে অংশ নেন।

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের সুইচ ফার্মাসিজন, ভারতের সীতা দত্ত ও অজয় বড়াল এবং ইন্দোনেশিয়ার কৃষি উদ্যোক্তা পেতোনি-আগুস সালিম। এছাড়া ঢাকা থেকে আমিনা আনসারী ও রূপশিখা বানু, রাজশাহী থেকে হেলাল হেদায়েত ইসলাম এবং বিক্রয় প্রশিক্ষক রাজিব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবে যোগ দেন। আশপাশের অন্তত ২০টি গ্রামের কৃষক-কিষানিদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

ধান কাটা ও মাড়াই শেষে নতুন ধান নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে ধান ভানার ছন্দে গানের তালে নাচেও অংশ নেন নারীরা। নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় মুঠো পিঠা, সেমাই পিঠা ও পায়েস। কলাপাতায় পরিবেশন করা হয় নবান্নের নানা পদ। উৎসব প্রাঙ্গণে বসে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ির মেলা। ছিল শস্য প্রদর্শনী, রম্য কৌতুক এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার আয়োজন।

নবান্নের মূল আয়োজন হয় প্রাকৃতিক কৃষি খামারে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনার জন্য বেছে নেওয়া হয় একই গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটতলা। সেখানে টাঙ্গাইলের কৃষক ও গীতিকবি আক্কাছ আলী, বাউলশিল্পী আসলাম উদ্দিন বাচ্চু, মো. সাজাহান, সোনাজুদ্দিন ও খোরশেদ বয়াতি গান পরিবেশন করেন। ধান ভানার গান পরিবেশন করেন ডালিয়া আক্তার, মল্লিকা ইয়াসমিন, ভিনদেশি প্রীজ বেরোজ লিজা, শুকুরজান এবং স্থানীয় প্রবীণ কিষানিরা। সন্ধ্যার পর বটতলায় বসে গাজীর গানের আসর। এতে গান পরিবেশন করেন বয়াতি আওলাত গায়েন। পরে ফসলের গান ও ভাববৈঠকী গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের বাউলিয়ানা ফকির সাহেব ও লেনছু বয়াতি।

উৎসবে অংশ নেওয়া স্থানীয় কৃষক কালাচাঁদ বলেন, "কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তার খুব ভালো লাগছে।"

আদর্শ কৃষক ও গবেষক হাসান মাহদী বলেন, "বাংলার জীবনঘনিষ্ঠ এসব ঐতিহ্য যুগ যুগ ধরে এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তোলা হচ্ছে।"

আলোচনা পর্বে বক্তব্য দেন- প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী, প্রকৃতি গবেষক ওমর ফারুক, নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সচিব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কুমিল্লার আইনজীবী বিলকিস আক্তার এবং নারী উদ্যোক্তা ডালিয়া আক্তার।

সভাপতির বক্তব্যে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, "সাধারণত অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার সময় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এবার অষ্টমবারের মতো এ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে নবান্নের রং ও কৃষকের পরিশ্রমের গল্প পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গ্রামে গ্রামে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%