প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে জনগণের জন্য গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আলোচনা করার সুযোগ না দিয়ে বরং প্রধানমন্ত্রীকে ‘তেলবাজি’ করে কবিতা আবৃত্তি করার জন্য সময় দেওয়া হচ্ছে, এই অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার সংসদ অধিবেশন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর তেলবাজি করে কবিতা আবৃত্তি করার জন্য সময় দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রীর তেলবাজি করে যদি এখানে কোনো কথা বলা হয়, তাদের সময় দেওয়া হয়। কিন্তু আমরা গঠনমূলক সমালোচনা করার জন্য এতবার হাত তুলি, আজকে ১৯ মিনিট হাত তুলে থেকে একটি সম্পূরক প্রশ্ন করতে হয়েছে। আমাদের প্রশ্নগুলো নোটিশ আকারেই রাখে না।”
দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) খাতের চলমান অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, রোববার গার্মেন্টস খাতের সমস্যা নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু হঠাৎ করে স্পিকার অধিবেশন মুলতবি করে দেন এবং আজকের কার্যতালিকায় বিষয়টি রাখা হয়নি। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এই ইস্যুতে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় 'অর্ডার অব দ্য ডে'-তে থাকার পরও বিরোধীদলকে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।
গার্মেন্টস খাতের সংকটের চিত্র তুলে ধরে এনসিপির এই সংসদ সদস্য বলেন, দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বাড়লেও শ্রমিকদের বেতন কাঠামো আগের মতোই রয়ে গেছে, যা শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। অন্যদিকে, গ্যাস সংকট, ক্রয়াদেশ (অর্ডার) কমে যাওয়া এবং ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিসের দুর্নীতি ও ঘুষের কারণে মালিকপক্ষও চরম সংকটে রয়েছে।
সংসদের কার্যপ্রণালি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় তাৎপর্যপূর্ণ ও অর্থনৈতিক বিষয়গুলো এড়িয়ে সংসদে ৭১ বিধিতে 'অমুক উপজেলায় কর্মসংস্থান ব্যাংক আছে কি না' কিংবা 'কৈ মাছ' নিয়ে আলোচনার মতো তুচ্ছ ও সুবিধাজনক বিষয়গুলো বেছে নেওয়া হচ্ছে।
বিরোধীদলের প্রতি বৈষম্যমূলক আচরণ করে সংসদকে অকার্যকর (ডিসফাংশনাল) করে রাখা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণ জাতীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য তাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কিন্তু সংসদে বিরোধীদলের কাঠামোগত অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন